৪৬ বছর বয়সে অবসর ভেঙে মাঠে ফিরেই জ্বলে উঠলেন রোনালদিনহো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরলেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় স্তরের লিগে রাভেনার হয়ে মাঠে নেমে নিজের চেনা ফুটবলশৈলীর ঝলক দেখিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা। গোল না পেলেও দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
ফুটবলপ্রেমীদের কাছে রোনালদিনহো মানেই জাদুকরি ড্রিবলিং, চোখধাঁধানো পাস আর মুখভরা হাসি। বয়স ৪৬ হলেও সেই পুরোনো জাদুর কিছুটা যেন আবারও ফিরিয়ে আনলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকা।
রোববার ইতালির তৃতীয় বিভাগের লিগের ম্যাচে ফোরলির বিপক্ষে মাঠে নামে রাভেনা। ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় রাভেনা। দলের শুরুর একাদশে জায়গা পাওয়া রোনালদিনহো প্রথমার্ধেই নিজের দক্ষতার প্রমাণ দেন।
ম্যাচের প্রথম গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। প্রতিপক্ষের একজন ডিফেন্ডারকে সামলে সতীর্থের উদ্দেশে দারুণ একটি পাস বাড়ান তিনি। সেই আক্রমণের পরের ধাপ থেকেই বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন জিউলিও দোনাতি।
এর আগে কর্নার থেকেও দোনাতির জন্য গোলের সুযোগ তৈরি করেছিলেন রোনালদিনহো। তবে প্রতিপক্ষের এক ডিফেন্ডার হেড করে বল ফিরিয়ে দেওয়ায় গোল পাওয়া হয়নি।
২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন রোনালদিনহো। এরপর দীর্ঘ বিরতি। গত আগস্টে বিনিয়োগকারী হিসেবে ইতালির সিরি সি-র ক্লাব রাভেনার সঙ্গে যুক্ত হন তিনি। এবার অবসর ভেঙে সেই ক্লাবের হয়েই আবার মাঠে নামলেন ২০০২ বিশ্বকাপজয়ী তারকা।
মজার বিষয় হলো, ম্যাচের আগে মাত্র একবার দলের সঙ্গে অনুশীলন করেছিলেন তিনি। শনিবারের সেই অনুশীলনের পর রোববারই সরাসরি শুরুর একাদশে জায়গা পান। ম্যাচপূর্ববর্তী দলীয় গ্রাফিকসে তাঁকে বাঁ প্রান্তে দেখানো হলেও মাঠে মূলত মাঝমাঠে খেলেছেন তিনি।
প্রথমার্ধ শেষে তাঁকে তুলে নেওয়া হয়। তখন ১-০ গোলে এগিয়ে ছিল রাভেনা। বিরতির সময় তাঁকে ঘিরে সাংবাদিক ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। মাঠে তাঁর সঙ্গে দেখা যায় ব্রাজিল ও এসি মিলানের সাবেক গোলরক্ষক সতীর্থ দিদাকেও।
রোনালদিনহোর প্রত্যাবর্তন ঘিরে ম্যাচটিকে বিশেষভাবে সাজিয়েছিল রাভেনা কর্তৃপক্ষ। স্টেডিও ব্রুনো বেনেলিতে অনুষ্ঠিত ম্যাচটির সব টিকিট বিক্রি হয়ে যায়। কিংবদন্তি এই ফুটবলারের পরিচিত ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয় ‘আর১০’ নামে অস্থায়ী একটি দর্শক স্ট্যান্ড।
শুধু ইতালিতেই নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হয়।
রোনালদিনহোর পেশাদার ক্যারিয়ারে গোলসংখ্যা ২৯৯। রাভেনার হয়ে মাঠে নেমে ক্যারিয়ারের ৩০০তম গোল করার স্বপ্নও ছিল তাঁর। এমনকি দল পেনাল্টি পেলে সেটি নেওয়ার দায়িত্বও নিতে চেয়েছিলেন তিনি। তবে এই ম্যাচে গোলের সেই মাইলফলক স্পর্শ করা হয়নি।
ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিকে রোনালদিনহো বলেন, ‘এখানে থাকা, খেলা এবং ড্রেসিংরুমে সময় কাটানো সত্যিই দারুণ ব্যাপার ছিল।’
রাভেনার হয়ে আবারও মাঠে নামবেন কি না, এমন প্রশ্নে তাঁর উত্তর ছিল, ‘প্রেসিডেন্ট যদি আমাকে ডাকেন, তাহলেই আমি আবার নামব।’
রোনালদিনহো শুধু ব্রাজিলের একজন তারকা নন, ফুটবল ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান খেলোয়াড়। ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৬ সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতেন তিনি।
২০০৫ সালে জেতেন ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। বার্সেলোনা ও এসি মিলানের হয়ে লিগ শিরোপাও রয়েছে তাঁর ঝুলিতে।
পিএসজি, গ্রেমিও, ফ্ল্যামেঙ্গো, অ্যাটলেটিকো মিনেইরো, ফ্লুমিনেন্স ও মেক্সিকোর কেরেতারোতেও খেলেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
দীর্ঘ বিরতির পর ৪৬ বছর বয়সে তাঁর এই প্রত্যাবর্তন আবারও মনে করিয়ে দিল, ফুটবলের প্রতি ভালোবাসা আর মাঠের আনন্দ বয়সের হিসাব মানে না।
আয়শা/
