শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
নিজস্ব প্রতিবেদক: পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে এসব খেলাধুলা পরিচালনা করতে হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা, মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ চলছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে নির্দিষ্ট ১০ ধরনের খেলাধুলা বছরব্যাপী আয়োজনের জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এসব খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাউশি মহাপরিচালক আরও বলেন, শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে কিংবা নির্ধারিত সময়ে খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবে। এর ফলে তাদের শারীরিক সক্ষমতা বাড়ার পাশাপাশি মানসিক বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে মাদক ও মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমাতেও খেলাধুলা ভূমিকা রাখবে।
যেসব ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশনা
মাউশি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাঠানো একটি পত্রের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনাটি মাউশির অধীন সব আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী খেলাধুলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা খেলাগুলো হলো—
১. ফুটবল
২. ক্রিকেট
৩. দাবা
৪. মার্শাল আর্ট
৫. ভলিবল
৬. ব্যাডমিন্টন
৭. অ্যাথলেটিক্স
৮. সাঁতার
৯. টেবিল টেনিস
১০. কাবাডি
যেভাবে শুরু হলো এই উদ্যোগ
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরব্যাপী খেলাধুলা আয়োজনের বিষয়ে গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
ওই চিঠিতে বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়।
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবদের কাছে পত্র পাঠানো হয়। এতে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়ার সুযোগ বাড়বে শিক্ষার্থীদের। এতে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, দলগত কাজের দক্ষতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি হবে।
সোহাগ/
