২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন এমন হবে
নিজস্ব প্রতিবেদক: ২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার পবিত্র রমজান মাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি ও ডিসেম্বর মাসে রমজান পড়তে পারে বলে ওই বছর মুসলমানদের দুই দফায় রোজা পালনের বিরল পরিস্থিতি তৈরি হবে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সালের ৫ জানুয়ারি ১৪৫১ হিজরি সালের রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর একই বছরের ২৬ ডিসেম্বর শুরু হতে পারে ১৪৫২ হিজরি সালের রমজান। ফলে একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান মাস পাওয়ার ঘটনা ঘটতে পারে।
সম্ভাব্য হিসাব অনুযায়ী, জানুয়ারির রমজানে ৩০ দিন এবং ডিসেম্বরের রমজানে ছয় দিন মিলিয়ে ২০৩০ সালে মোট ৩৬ দিন রোজা পালনের সুযোগ হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান শুরুর তারিখে কিছুটা পরিবর্তন হতে পারে।
একই বছরে দুইবার রমজান পড়ার মূল কারণ হলো গ্রেগরিয়ান ও হিজরি ক্যালেন্ডারের পার্থক্য। গ্রেগরিয়ান ক্যালেন্ডার সৌর বছরভিত্তিক এবং এক বছর প্রায় ৩৬৫ দিনের। অন্যদিকে, হিজরি ক্যালেন্ডার চন্দ্রভিত্তিক, যেখানে একটি বছর সাধারণত ৩৫৪ বা ৩৫৫ দিনের।
ফলে গ্রেগরিয়ান বছরের তুলনায় হিজরি বছর প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। এ কারণে প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। দীর্ঘ সময়ের ব্যবধানে এভাবেই একই গ্রেগরিয়ান বছরের শুরু ও শেষ দিকে রমজান পড়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ১৯৯৭ সালেও একই গ্রেগরিয়ান বছরে দুইবার রমজান পড়েছিল। ২০৩০ সালের পর ২০৬৩ সালেও এমন ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব থেকে রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানা গেলেও আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর বিষয়টি চাঁদ দেখার সঙ্গে সম্পর্কিত। দেশভেদে চাঁদ দেখার পদ্ধতির কারণে রমজান শুরুর তারিখে এক দিন পর্যন্ত পার্থক্য হতে পারে।
সোহাগ/
