সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরে সিরিজটি হওয়ার সম্ভাবনা কমে এখন আগামী বছরের জানুয়ারিকে সম্ভাব্য নতুন সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বাংলাদেশ সফরের নতুন সময়সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে।
বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, সেপ্টেম্বরে নির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে।
সূত্রটি বলেছে, ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। একই সঙ্গে বিসিবিও আগামী বছরের শুরুর দিকে সিরিজ আয়োজনের জন্য একটি উপযুক্ত সময় খুঁজছে।
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি
এর আগে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়।
চলতি বছরের শুরুতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে সফর নিয়ে বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি।
সম্প্রতি ভারত সিরিজ নিয়ে কথা বলেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছিলেন, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং সিরিজের তারিখে পরিবর্তন আসতে পারে।
দুই দেশের ক্রিকেট সম্পর্কেও টানাপোড়েন
সবশেষ ২০২২ সালে বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়ে ক্রিকেটীয় সম্পর্কেও। নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় সামনে রেখে ভারত-বাংলাদেশ সিরিজ নিয়ে একাধিকবার অনিশ্চয়তা তৈরি হয়েছে।
চলতি বছরের শুরুতে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেও দুই দেশের ক্রিকেট সম্পর্ক নিয়ে আলোচনা হয়। একই সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
পরে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্কের উন্নতির সম্ভাবনা দেখা দেয়। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনার ভিত্তিতে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হয়েছিল।
তবে নতুন করে দেখা দেওয়া অনিশ্চয়তায় সেপ্টেম্বরে নয়, আগামী বছরের জানুয়ারিতে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সম্ভাবনাই এখন বেশি বলে জানা যাচ্ছে। যদিও সফরের চূড়ান্ত তারিখ ও সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আয়শা/
