‘চান্দাবিডি ডটকম’ চালু, প্রথম দিনেই ৯ অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগ নথিবদ্ধ ও প্রকাশের জন্য ‘চান্দাবিডি ডটকম’ নামে নতুন একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে। কেউ চাঁদাবাজির শিকার হলে বা কোথাও চাঁদা দাবির ঘটনা জানতে পারলে পরিচয় গোপন রেখে এই প্ল্যাটফর্মে তথ্য জমা দিতে পারবেন।
সংশ্লিষ্টদের মতে, চাঁদাবাজি, অবৈধ অর্থ দাবি এবং সেবা বা কাজের নামে আর্থিক হয়রানির অভিজ্ঞতা নথিবদ্ধ করাই প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য। বিদেশি নাগরিক-রিপোর্টিং প্ল্যাটফর্ম এবং ঘুষ সংক্রান্ত অভিযোগ নথিবদ্ধের ওয়েবসাইট ‘ঘুষ ডট সাইট’-এর অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে। তবে এর উদ্যোক্তারা নিজেদের পরিচয় প্রকাশ করেননি।
চান্দাবিডি ডটকমে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, নির্মাণকাজ, ব্যবসা কিংবা বিভিন্ন সেবার সঙ্গে জড়িত অবৈধ অর্থ দাবির তথ্য জমা দেওয়া যাবে। অভিযোগের সঙ্গে ঘটনার এলাকা, সময়, খাত বা ঘটনার ধরন, দাবি করা অর্থের পরিমাণ এবং ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার সুযোগ রয়েছে।
তবে উদ্যোক্তারা স্পষ্ট করেছেন, ওয়েবসাইটে জমা দেওয়া কোনো তথ্যকে আদালতগ্রাহ্য প্রমাণ, তদন্তের ফলাফল বা যাচাই করা অপরাধের ঘোষণা হিসেবে বিবেচনা করা যাবে না। এটি মূলত নাগরিকদের অভিজ্ঞতা নথিবদ্ধ করার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কোন এলাকা বা খাতে চাঁদাবাজির অভিযোগ বেশি আসছে, সে বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যেতে পারে।
ভুল তথ্য, ব্যক্তিগত আক্রমণ এবং কারও ব্যক্তিগত ঠিকানা, ফোন নম্বর বা অপ্রাসঙ্গিক পরিচয় প্রকাশ ঠেকাতে অভিযোগগুলো প্রকাশের আগে মডারেশনের আওতায় আনা হবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলেও সেটিকে প্রমাণিত তথ্য হিসেবে উপস্থাপন করা হবে না।
চান্দাবিডি কর্তৃপক্ষ জানিয়েছে, কাউকে অপমান করা বা অপরাধী হিসেবে চিহ্নিত করা তাদের উদ্দেশ্য নয়। নাগরিকদের অভিজ্ঞতা দায়িত্বশীলভাবে নথিবদ্ধ করা, সচেতনতা বাড়ানো এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে সমস্যাগুলো তুলে ধরাই প্ল্যাটফর্মটির লক্ষ্য।
প্ল্যাটফর্মটি ব্যবহার করতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। ব্যবহারকারীর নাম, ই-মেইল বা ফোন নম্বরও নেওয়া হয় না।
মঙ্গলবার চালুর কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটটির পাবলিক লেজারে নয়টি রিপোর্ট জমা পড়ে। এসব ঘটনায় মোট চাওয়া বা দেওয়া অর্থের পরিমাণ দেখানো হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৭০০ টাকা। সোমবার রাত পর্যন্ত সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ঢাকা বিভাগ থেকে।
জমা পড়া অভিযোগগুলোর একটি টঙ্গী পৌরসভা অফিসকে ঘিরে। সেখানে ট্রেড লাইসেন্স নবায়নের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৫০০ টাকা চাওয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনাটিকে ‘জোরপূর্বক অর্থ আদায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
রাজধানীর মিরপুরের ৬০ ফুট এলাকায় নির্মাণাধীন একটি ভবনের কাজের সময় এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও রয়েছে। এতে একজন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে চাঁদা চাওয়ার কথা বলা হলেও ওই ব্যক্তির সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিপোর্টে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
পূর্ব শেওড়াপাড়ায় সড়ক উন্নয়নকাজের সময় বিভিন্ন ভবনের পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে পুনরায় সংযোগ দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা করে চাওয়ার অভিযোগও প্রকাশ করা হয়েছে। এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
এ ছাড়া রাজধানীর পল্টন এলাকায় ময়লার বিলের নামে প্রতি মাসে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে। সেখানে সিটি করপোরেশনের রসিদ ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।
প্ল্যাটফর্মটিতে ব্যবসাপ্রতিষ্ঠান, ভবন ও রিয়েল এস্টেট, সড়ক নির্মাণ ও উন্নয়নকাজসহ বিভিন্ন খাতের জন্য আলাদা বিভাগ রাখা হয়েছে। পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ এই আট বিভাগ অনুযায়ী রিপোর্ট দেখার সুযোগ রয়েছে।
রিপোর্ট জমা দেওয়ার সময় ব্যবহারকারীকে ঘটনার এলাকা, সেবা বা খাত, আনুমানিক অর্থের পরিমাণ এবং চাঁদা দেওয়ার ফলাফল উল্লেখ করতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো ব্যক্তির নাম বা ব্যক্তিগত তথ্য প্রকাশ না করার জন্য সতর্ক করা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর
- প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- শেখ হাসিনার সম্পদের হিসাব, হলফনামায় যা আছে
- লাফিয়ে বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- মিটার নেই, বিদ্যুৎও ব্যবহার হয়নি, তবু ৬৯২ টাকার বিল
