| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ২৫ ২১:৫০:১৮
ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ভয়াবহ রূপ নেওয়ার প্রায় একদিন আগেই সেটি শক্তিশালী হয়ে ওঠার প্রাথমিক সংকেত শনাক্ত করার নতুন একটি পদ্ধতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, এই পদ্ধতি ব্যবহার করে কোনো ঘূর্ণিঝড় দ্রুত শক্তিশালী হওয়ার পথে রয়েছে কি না, তা আগেভাগে বোঝা সম্ভব হতে পারে।

বিজ্ঞানীদের মতে, একটি ঘূর্ণিঝড় ব্যাপক শক্তিশালী হওয়ার আগে এর বিভিন্ন স্তরের বায়ুপ্রবাহকে প্রায় উল্লম্বভাবে একই অক্ষ বরাবর অবস্থান নিতে হয়। এই প্রক্রিয়াকে সহজ ভাষায় ঘূর্ণিঝড়ের ‘সোজা হয়ে দাঁড়ানো’ বলা হচ্ছে।

বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (নোয়া)-এর হারিকেন হান্টার উড়োজাহাজ থেকে দীর্ঘ ২৮ বছরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা এই বিষয়টি শনাক্ত করেছেন।

গবেষণায় দেখা গেছে, সমুদ্র থেকে উঠে আসা কোনো ঝড়ের বিভিন্ন স্তরের কেন্দ্র একে অপরের ওপর সোজা অবস্থান করলে তা শক্তিশালী হওয়ার অনুকূল পরিবেশ পায়। কিন্তু বায়ুমণ্ডলের ওপরের স্তরে শক্তিশালী বাতাস থাকলে ঝড়ের ওপরের অংশ নিচের কেন্দ্র থেকে সরে যায়। এতে ঘূর্ণিঝড় একদিকে হেলে পড়ে।

আবহাওয়াবিদেরা এই অবস্থাকে ‘টিল্ট’ বা ঝড়ের হেলে পড়া হিসেবে উল্লেখ করেন। এর অন্যতম কারণ হলো ভার্টিকাল উইন্ড শেয়ার। অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় বাতাসের গতি বা দিকের উল্লেখযোগ্য পরিবর্তন।

গবেষকদের মতে, অতিরিক্ত হেলে থাকা ঘূর্ণিঝড় সাধারণত দ্রুত শক্তি সঞ্চয় করতে পারে না। তবে ঝড়ের বিভিন্ন স্তর আবার একই অক্ষ বরাবর সোজা হয়ে এলে তা দ্রুত শক্তিশালী হওয়ার সুযোগ পায়।

গবেষণায় চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শনাক্ত করা হয়েছে, যেগুলো একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে সোজা হয়ে শক্তিশালী হতে সহায়তা করে। এর মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি শক্তিশালী ও সুগঠিত ঘূর্ণন বলয়, পার্শ্ববর্তী বাতাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঝড়ের হেলে থাকা অংশ এবং কেন্দ্রের কাছাকাছি শক্তিশালী ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ।

এ ছাড়া ঝড়ের আশপাশের পরিবেশও গুরুত্বপূর্ণ। উষ্ণ সমুদ্রের পানি, বাতাসে পর্যাপ্ত জলীয় বাষ্প এবং বায়ুমণ্ডলের মধ্যস্তরে তুলনামূলক শান্ত বাতাস ঘূর্ণিঝড়কে শক্তিশালী হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।

১৯৯৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ২৮টি হারিকেন মৌসুমে নোয়ার হারিকেন হান্টার উড়োজাহাজ থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকেরা। এতে ‘টিসি-রেডার’ ডেটাবেইসের ১ হাজার ৫১০টি রাডার পর্যবেক্ষণ অন্তর্ভুক্ত ছিল।

গবেষণায় দেখা গেছে, যেসব ঝড় শেষ পর্যন্ত শক্তিশালী হয়ে সোজা অবস্থানে আসতে পেরেছিল, সেগুলোর মধ্যে প্রায় একদিন আগেই কিছু স্পষ্ট পরিবর্তন দেখা দিয়েছিল। এসব ঝড়ে নিচের স্তরে শক্তিশালী ও সুসংগঠিত বায়ুপ্রবাহের পাশাপাশি কেন্দ্রের কাছে বড় আকারের শক্তিশালী বজ্রঝড়ও তৈরি হয়েছিল।

গবেষকদের মতে, এসব বজ্রঝড় শুধু ঝড়ের সংগঠিত হওয়ার লক্ষণ নয়, এর ভেতরের শক্তিশালী ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ ঝড়ের হেলে থাকা অংশকে টেনে সোজা অবস্থানে আনতেও ভূমিকা রাখে।

ঘূর্ণিঝড়ের ‘দ্রুত শক্তিশালী হওয়া’ বা র‍্যাপিড ইনটেনসিফিকেশনের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রেও এই গবেষণা গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ কোনো ঝড় অল্প সময়ের মধ্যে ভয়াবহ শক্তিশালী হয়ে উঠলে উপকূলীয় মানুষের সতর্ক হওয়ার সময় অনেক কমে যায়।

গবেষণায় চিহ্নিত বৈশিষ্ট্যগুলো শনাক্ত করা গেলে আবহাওয়াবিদেরা ঝড়ের শক্তি বাড়ার বিষয়ে আগাম সতর্কতা দিতে আরও কার্যকর তথ্য পেতে পারেন। এতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও উপকূলীয় এলাকার মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়াসহ প্রয়োজনীয় প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় পাবেন।

এ ছাড়া হারিকেন হান্টার উড়োজাহাজের মাধ্যমে সংগৃহীত বাস্তব সময়ের তথ্য কম্পিউটারভিত্তিক আবহাওয়া পূর্বাভাস মডেলগুলোর সক্ষমতা যাচাই ও উন্নত করতেও কাজে লাগতে পারে।

গবেষকদের মতে, কোনো ঘূর্ণিঝড়ের ভয়াবহভাবে শক্তিশালী হওয়ার প্রাথমিক লক্ষণ মাত্র একদিন আগেও শনাক্ত করা গেলে সেটি দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...