ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদে জরিমানা ছাড়ের সময়সীমা আরও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জরিমানা ছাড়াই মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
তবে সরকার জানিয়েছে, এটিই হবে এ সুবিধার শেষ সময়সীমা বৃদ্ধি।
রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে সব ধরনের মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদে জরিমানা ছাড়ের সময়সীমা বাড়ানো হয়েছে। এর আওতায় রয়েছে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি ও যানবাহন মালিকরা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শুধু মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করে এসব কাগজপত্র হালনাগাদ করতে পারবেন। এ ক্ষেত্রে বিলম্বজনিত জরিমানা দিতে হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন সময়সীমা অবিলম্বে কার্যকর হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২৯ অক্টোবরের সময়সীমাকে শেষবারের মতো বর্ধিত সময় হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফলে যাদের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস, ট্যাক্স-টোকেন বা রুট পারমিট হালনাগাদ করা হয়নি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
সিদ্দিকা/
