২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। তবে এর জন্য ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিন ছুটি নিতে হবে।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর বৃহস্পতিবার একদিন ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও বৃহস্পতিবার ছুটি নিয়ে টানা চার দিন অবকাশ উপভোগ করতে পারবেন।
ইসলামিক ফাউন্ডেশন গত ১৩ আগস্ট এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ১৪৪৮ হিজরি সালের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও হিসাব অনুযায়ী আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে দিনটি সরকারি সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত হয়েছে।
তবে এই ছুটি সবার জন্য প্রযোজ্য হবে না। জরুরি সেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে।
স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিউটি রোস্টার অনুযায়ী তাদের কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।
এ ছাড়া হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন এবং অন্যান্য অপরিহার্য সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদেরও ছুটি ভোগের সুযোগ থাকবে না।
অর্থাৎ, সাধারণ সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা ২৭ আগস্ট একদিন ছুটি নিতে পারলে ২৬ থেকে ২৯ আগস্ট পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে জরুরি সেবায় নিয়োজিতদের ক্ষেত্রে প্রতিষ্ঠানভেদে দায়িত্ব পালনের বিষয়টি প্রযোজ্য হবে।
সোহাগ/
