‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান হলেন চৌধুরী আশিক মাহমুদ
নিজস্ব প্রতিবেদক: সরকারের বিনিয়োগসংক্রান্ত তিন প্রতিষ্ঠান একীভূত করে গঠিত নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩-এর ধারা ৮-এর (৫) অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে চুক্তিভিত্তিকভাবে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ হবে এক বছর।
তবে এ নিয়োগের অন্যতম শর্ত হলো, দায়িত্ব পালনের সময় তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন
দেশের বিনিয়োগ কার্যক্রমকে আরও সমন্বিত ও কার্যকর করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে নতুন ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠন করেছে সরকার।
এখন থেকে দেশের বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন কার্যক্রম নতুন এই কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে।
নতুন সংস্থার চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নিয়োগের মধ্য দিয়ে বিনিয়োগ ব্যবস্থাপনায় নতুন কাঠামোর কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হলো।
সোহাগ/
