এক বউ নিয়ে ২ ভাইয়ের টানাটানি!
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় এক নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে তার ছোট ভাই পালিয়ে যাওয়ার পর বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষকে থানায় ডাকা হয়। সেখানে সালিশ শুরুর আগেই ওই নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি ও হাতাহাতি শুরু হয়।
শনিবার (২২ আগস্ট) দুপুরে ভাঙ্গা থানার গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের একরাম আলীর সঙ্গে পারিবারিকভাবে পাশের গ্রামের পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর একরামের ছোট ভাই আব্দুল্লাহর সঙ্গে পূর্ণিমার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
গত বুধবার দুপুরে পূর্ণিমা বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে দেবর আব্দুল্লাহর সঙ্গে চলে যান বলে অভিযোগ। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজ করতে থাকেন। একপর্যায়ে সাভার থেকে তাদের দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
শনিবার বিষয়টি সামাজিক ও আইনি প্রক্রিয়ায় মীমাংসার জন্য উভয় পক্ষের লোকজন ভাঙ্গা থানায় জড়ো হন। সালিশ শুরু হওয়ার আগেই ওই নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে টানাটানি শুরু হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই নারীর বাবা বলেন, মেয়েকে উদ্ধারের পর বিষয়টি আইনি ও সামাজিকভাবে সমাধানের জন্য উভয় পক্ষকে নিয়ে থানায় আসা হয়। এ সময় থানার প্রাঙ্গণে আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, থানার গেটের সামনে এক নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
সিদ্দিকা/
