রংপুর চিড়িয়াখানায় অভিযান, আটক ২৭ তরুণ-তরুণী
নিজস্ব প্রতিবেদক: রংপুর চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন তরুণ ও ১৩ জন তরুণী। তাদের বয়স ১৫ থেকে ২২ বছরের মধ্যে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর চিড়িয়াখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কোতয়ালী থানার হাজতখানায় রাখা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির জানান, আটক ব্যক্তিদের পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, নগরীর পার্ক ও বিভিন্ন বিনোদনকেন্দ্রে সামাজিক শৃঙ্খলা ব্যাহত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে পরিবার নিয়ে এসব বিনোদনকেন্দ্রে আসা মানুষের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের অভিযোগের ভিত্তিতে রংপুর চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে অভিযোগের ধরন ও সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সোহাগ/
