এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক: বিগত দুই দশকের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফল হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায়—ফেল করেছেন ৪১ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী। এই বিপর্যয়কর ফলাফলের প্রভাব পড়েছে খাতা পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদনেও, যেখানে ঘটেছে রেকর্ড সংখ্যক আবেদন।
প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ১১ আগস্ট, যা অনলাইনে চলবে আগামী সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত।
ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী, আবেদন শুরুর প্রথম পাঁচ দিনেই তিন লাখের বেশি এসএসসি পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে। বিগত কোনো বছরই এসএসসিতে এত অল্প সময়ে এত বিপুলসংখ্যক আবেদন জমা পড়েনি।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
তাদের দেওয়া তথ্যমতে, শনিবার বিকেল পর্যন্ত ফলাফলে অসন্তুষ্ট তিন লাখের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা দিয়েছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা এই আবেদনের সুযোগ পাবেন।
সংশ্লিষ্টদের ভাষ্য, এবার ফেলের হার তুলনামূলক বেশি হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করছে। চলতি বছরের পরীক্ষায় অংশ নেওয়া সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারেরও বেশি পরীক্ষার্থী।
উল্লেখ্য, এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সুযোগ দেওয়া হয়, যেখানে সংশ্লিষ্ট বিষয়ের উত্তরপত্র পুনরায় যাচাই করে দেখা হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন প্রক্রিয়া শেষে শিক্ষা বোর্ডগুলো পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করবে।
আশা/
