৯ম পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য ৯ম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এ দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জরুরি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি।
সংগঠনটির সভাপতি আব্দুল মালেক ও মহাসচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে আয় না বাড়ায় বিশেষ করে নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা আর্থিক সংকটে রয়েছেন। এতে তাদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা বাড়ছে।
সংগঠনটির নেতারা জানান, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় প্রায় ২২ লাখ সরকারি চাকরিজীবীর পরিবারের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ৯ম পে-স্কেলের প্রজ্ঞাপন দ্রুত প্রকাশ ও বাস্তবায়ন হলে বিশেষ করে নিম্নবেতনভুক্ত সরকারি কর্মচারীদের পরিবারে আর্থিক স্বস্তি ফিরবে।
এ সময় সরকারি কর্মচারীদের সার্বিক কল্যাণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়।
সোহাগ/
