আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স ও ফোল্ডেবল ‘আইফোন আলট্রা’
নিজস্ব প্রতিবেদক: নতুন প্রজন্মের আইফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। চলতি বছরের সেপ্টেম্বরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটি বড় একটি পণ্য উন্মোচন অনুষ্ঠান আয়োজন করতে পারে। সেখানে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন উন্মোচন হতে পারে বলে গুঞ্জন রয়েছে। সম্ভাব্য এই ফোল্ডেবল মডেলটির নাম হতে পারে ‘আইফোন আলট্রা’।
ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানকে সামনে রেখে অ্যাপল তাদের খুচরা বিভাগের কর্মীদের কাছ থেকে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য আবেদন নেওয়া শুরু করেছে। বড় কোনো পণ্য উন্মোচন অনুষ্ঠানের আগে এ ধরনের প্রস্তুতি অ্যাপলের নিয়মিত কার্যক্রমের অংশ।
সেপ্টেম্বরের প্রথমার্ধেই হতে পারে উন্মোচন
অ্যাপল সাধারণত সেপ্টেম্বর মাসে নতুন আইফোন সিরিজ উন্মোচন করে থাকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকলে সেপ্টেম্বরের প্রথমার্ধে অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে। তবে নির্দিষ্ট তারিখ এখনো অ্যাপল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
নতুন আইফোন সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে আইফোন আলট্রা। দীর্ঘদিন ধরে ফোল্ডেবল ফোনের বাজারে প্রবেশের বিষয়ে অ্যাপলের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা থাকলেও এবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এ বিভাগে প্রবেশ করতে পারে।
আইফোন ১৮ প্রো ম্যাক্সে বড় পরিবর্তনের ইঙ্গিত
আইফোন ১৮ প্রো ম্যাক্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার আপগ্রেড আসতে পারে। এতে টিএসএমসির ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি নতুন A20 Pro চিপ ব্যবহার করা হতে পারে। পাশাপাশি উন্নত ক্যামেরা সিস্টেম, পরিবর্তনশীল অ্যাপারচার এবং তুলনামূলক বড় ব্যাটারি থাকার গুঞ্জন রয়েছে।
এ ছাড়া ডায়নামিক আইল্যান্ড আগের তুলনায় ছোট করা হতে পারে। ফলে ডিসপ্লেতে আরও বেশি জায়গা ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।
ফোল্ডেবল আইফোনে ভিন্ন ডিজাইনের সম্ভাবনা
অ্যাপলের সম্ভাব্য ফোল্ডেবল আইফোন আলট্রার ডিজাইন বাজারের প্রচলিত বুক-স্টাইলের ফোল্ডেবল ফোনের তুলনায় ভিন্ন হতে পারে। গুঞ্জন অনুযায়ী, ডিভাইসটি তুলনামূলক ছোট ও চওড়া বডির হতে পারে।
অভ্যন্তরীণ জায়গা সাশ্রয়ের জন্য এতে ফেস আইডি বা টেলিফটো ক্যামেরার মতো কিছু ফিচার বাদ দেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি অ্যাপল।
দাম হতে পারে বড় চমক
নতুন আইফোনের সম্ভাব্য দাম নিয়েও প্রযুক্তি বাজারে আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইফোন ১৮ প্রো-এর দাম প্রায় ১,৩৯৯ ডলার থেকে শুরু হতে পারে। অন্যদিকে, প্রথম ফোল্ডেবল আইফোন আলট্রার দাম প্রায় ২,৩০০ ডলার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এগুলো এখনো গুজব ও বিভিন্ন প্রতিবেদনের ওপর ভিত্তি করে বলা হচ্ছে। অ্যাপলের পক্ষ থেকে আনুষ্ঠানিক দাম ঘোষণা না হওয়া পর্যন্ত চূড়ান্ত মূল্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
নতুন চিপ ও মেমোরির খরচ বাড়ায় দাম বাড়ার আশঙ্কা
আইফোন ১৮ সিরিজের উৎপাদন খরচও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ২ ন্যানোমিটার চিপ, ডিআরএএম ও অন্যান্য মেমোরি উপাদানের বাড়তি খরচ নতুন আইফোনের দামে প্রভাব ফেলতে পারে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সেপ্টেম্বরের অনুষ্ঠানে নতুন আইফোন সিরিজের পাশাপাশি অ্যাপলের ফোল্ডেবল ফোনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ প্রযুক্তি বাজারে বড় আলোচনার জন্ম দিতে পারে। তবে উন্মোচনের আগে স্পেসিফিকেশন, দাম ও বাজারজাতের সময়সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
আশা/
