স্পেন বনাম ফ্রান্স সেমিফাইনাল: পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম কার পক্ষে
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম হাই-ভোল্টেজ সেমিফাইনাল মহারণে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি ফ্রান্স ও স্পেন। মাঠের লড়াইয়ে নামার আগে দুই দলের হেড-টু-হেড পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম এবং শক্তি-সামর্থ্যের হিসাব-নিকাশে ফুটবল বিশ্বে চলছে তুমুল উত্তেজনা।
কাগজে-কলমে এবং ঐতিহাসিক পরিসংখ্যানের দিক থেকে স্পেন এগিয়ে থাকলেও, চলতি বিশ্বকাপে দলগত পারফরম্যান্স ও সাম্প্রতিক ফর্মের বিচারে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ফরাসিরা।
পরিসংখ্যানে স্পেনের আধিপত্য
সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দল এ পর্যন্ত ৩৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেনের জয় ১৮টি ম্যাচে, বিপরীতে ফ্রান্স জিতেছে ১৩টিতে। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে। এমনকি দুই দলের শেষ ১০টি ম্যাচের মধ্যে স্পেন ৭টিতেই জয় পেয়েছে। বিশেষ করে ২০২৪ ইউরোর সেমিফাইনাল এবং সর্বশেষ জুন ২০২৫-এর উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে এক রোমাঞ্চকর ৯ গোলের লড়াইয়ে ফ্রান্সকে ৫-৪ ব্যবধানে হারিয়েছিল স্প্যানিশরা। ফলে মনস্তাত্ত্বিক দিক থেকে লুইস দে লা ফুয়েন্তের দল অনেকটাই এগিয়ে থাকবে।
বিশ্বকাপ ফর্মে অপ্রতিরোধ্য ফ্রান্স
চলতি টুর্নামেন্টে দিদিয়ের দেশমের ফ্রান্স দল এখন পর্যন্ত শতভাগ জয় নিয়ে উড়ছে। ৬ ম্যাচের সবকটিতে জিতে তারা ১৬টি গোল করেছে, যার বিপরীতে হজম করেছে মাত্র ২টি গোল। দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে একাই ৮টি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন উসমান দেম্বেলে ও মাইকেল অলিস। সব মিলিয়ে টানা ১৩ ম্যাচে অপরাজিত রয়েছে ফরাসিরা।
অন্যদিকে স্পেনও কম যায়নি। ৬ ম্যাচের ৫টিতে জয় এবং ১টি ড্র নিয়ে তারা সেমিফাইনালে পা রেখেছে। লা রোজনারা টুর্নামেন্টে ১১টি গোল করার পাশাপাশি রক্ষণে দেখিয়েছে চরম দেয়াল। ৬ ম্যাচের ৫টিতেই তারা কোনো গোল হজম করেনি, যা চলতি বিশ্বকাপের সর্বোচ্চ ক্লিন শিট।
তারকাদের দ্বৈরথ
এই ম্যাচের মূল আকর্ষণ হতে যাচ্ছে ফ্রান্সের আক্রমণভাগ বনাম স্পেনের পাসিং ফুটবলের লড়াই। স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল যেকোনো রক্ষণভাগ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন। নেশনস লিগে ফ্রান্সের বিপক্ষে ইয়ামালের জোড়া গোল স্প্যানিশদের আত্মবিশ্বাস জোগাবে। তবে নিকো উইলিয়ামসের হালকা ইনজুরি সমস্যা স্পেনের জন্য কিছুটা চিন্তার কারণ হতে পারে। বিপরীতে এমবাপের অতিমানবীয় ফর্ম ফ্রান্সকে যেকোনো মুহূর্তে ম্যাচ জেতাতে পারে।
ফুটবল বিশ্লেষকদের মতে, নকআউট পর্বের সাম্প্রতিক ইতিহাস স্পেনের পক্ষে কথা বললেও, চলতি বিশ্বকাপের বিধ্বংসী ফর্ম এবং স্কোয়াড ডেপথের কারণে ফ্রান্সকে সামান্য ফেভারিট ধরা হচ্ছে। এখন দেখার বিষয়, কার কৌশল শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে টিকিট এনে দেয়।
সোহাগ/
