২০৩০ সালের বিশ্বকাপ হতে পারে ৬৪ দল নিয়ে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিলেও, পরবর্তী ২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা আরও বাড়িয়ে ৬৪ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
সুইস সংবাদমাধ্যম *ব্লুউইন*কে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, চলমান বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফার সংশ্লিষ্ট কমিটিগুলো এই প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করবে।
তিনি বলেন, বিশ্বকাপের ভবিষ্যৎ কাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার কথা নয়, পুরো বিশ্বের ফুটবল উন্নয়নকে মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
বিশ্বকাপে আরও বেশি দেশের অংশগ্রহণ নিশ্চিত করার পক্ষে মত দিয়ে ফিফা সভাপতি বলেন, প্রতিটি দেশেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখার সুযোগ থাকা উচিত। এতে ছোট ও উদীয়মান ফুটবল দেশগুলো আরও বেশি অনুপ্রাণিত হবে এবং আন্তর্জাতিক ফুটবলের মানও উন্নত হবে।
ইনফান্তিনোর ভাষ্য, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের দলগুলোর পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। তাই সুযোগ বাড়ালে বিশ্ব ফুটবল আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপে অংশ নিত ৩২টি দল। এরপর ২০২৬ আসরে প্রথমবারের মতো সেই সংখ্যা বাড়িয়ে ৪৮ করা হয়। বর্তমানে ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ শেষ পর্যায়ে রয়েছে, যেখানে বাকি রয়েছে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল।
৪৮ দলের বিশ্বকাপকে সফল উল্লেখ করে ইনফান্তিনো বলেন, এবার সব মহাদেশের প্রতিনিধিরাই গোল করেছে এবং অন্তত একটি করে পয়েন্ট অর্জন করেছে। বিশেষ করে আফ্রিকার ১০টি দলের মধ্যে ৯টি নকআউট পর্বে জায়গা করে নেওয়াকে তিনি অংশগ্রহণ বাড়ানোর ইতিবাচক ফল হিসেবে উল্লেখ করেন।
২০৩০ সালের বিশ্বকাপ ইতিহাসের প্রথম বহুমহাদেশীয় আসর হতে যাচ্ছে। শতবর্ষ পূর্তি উপলক্ষে উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। এরপর মূল টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল।
ফিফা যদি শেষ পর্যন্ত ৬৪ দলের বিশ্বকাপ অনুমোদন করে, তাহলে আয়োজক দেশগুলোর ম্যাচসংখ্যা ও টুর্নামেন্টের কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার তিন স্বাগতিক দেশ প্রত্যেকেই একটি করে পূর্ণাঙ্গ গ্রুপের ম্যাচ আয়োজনের সুযোগ পেতে পারে, যা বর্তমান পরিকল্পনার তুলনায় অনেক বড় পরিবর্তন হবে।
সোহাগ/
