স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জয়ী হবে জানাল সুপার কম্পিউটার
স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে জমে উঠতে যাচ্ছে আক্রমণ বনাম রক্ষণভাগের এক রোমাঞ্চকর দ্বৈরথ।
টুর্নামেন্টের শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও নকআউট পর্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বেলজিয়াম। শেষ ৩২-এর ম্যাচে সেনেগালকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারানোর পর শেষ ষোলোয় স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ডোমেনিকো টেডেসকোর শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে চার্লস ডি কেটেলারের জোড়া গোল এবং বদলি হিসেবে নেমে হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর গোল বেলজিয়ামের আক্রমণভাগকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। বিশেষ করে লুকাকু চলতি বিশ্বকাপে বদলি হিসেবে নেমে ইতোমধ্যে তিনটি গোল করেছেন। বিশ্বকাপের এক আসরে বদলি হিসেবে এর চেয়ে বেশি গোল করার রেকর্ড রয়েছে শুধু ক্যামেরুন কিংবদন্তি রজার মিল্লারের।
পরিসংখ্যানও বেলজিয়ামের আক্রমণভাগের শক্তির প্রমাণ দিচ্ছে। চলতি বিশ্বকাপে তাদের শট থেকে গোল করার হার ১২.১ শতাংশ, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া পাঁচ ম্যাচে মোট ১০৭টি শট নিয়ে প্রতি ম্যাচে গড়ে ২১.৪টি শট করেছে তারা।
তবে এই বিধ্বংসী আক্রমণের সামনে এবার বড় পরীক্ষা স্পেনের দুর্ভেদ্য রক্ষণভাগ। শেষ ষোলোয় পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ ক্লিনশিটের রেকর্ড গড়েছে লা রোহা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি লুইস দে লা ফুয়েন্তের দল। প্রতি ম্যাচে তাদের প্রত্যাশিত গোল হজমের (Expected Goals Against) গড় মাত্র ০.৩০, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা রক্ষণাত্মক পরিসংখ্যান।
আক্রমণেও স্পেনের বড় ভরসা ১৭ বছর বয়সী বিস্ময়বালক লামিন ইয়ামাল। চলতি আসরে ইতোমধ্যে ১৭টি সফল ড্রিবল সম্পন্ন করেছেন এই তরুণ উইঙ্গার। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে তার চেয়ে বেশি সফল ড্রিবল করেছেন কেবল জামাল মুসিয়ালা ও কিলিয়ান এমবাপে।
মাঝমাঠে স্পেনের খেলায় ছন্দ এনে দিচ্ছেন রদ্রি। চলতি বিশ্বকাপে তার ৮০টি লাইন-ব্রেকিং পাস আবারও মনে করিয়ে দিচ্ছে স্পেনের স্বর্ণযুগের ফুটবলকে। এছাড়া লুইস দে লা ফুয়েন্তের অধীনে বড় টুর্নামেন্টের নকআউট পর্বে খেলা ছয়টি ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে স্পেন।
অতীতের রেকর্ডে অবশ্য কিছুটা স্বস্তি পেতে পারে বেলজিয়াম। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে স্পেনকে বিদায় করেছিল তারা। তবে সাম্প্রতিক পরিসংখ্যান পুরোপুরি স্পেনের পক্ষেই। সব প্রতিযোগিতা মিলিয়ে বেলজিয়ামের বিপক্ষে টানা ১১ ম্যাচ অপরাজিত রয়েছে স্পেন, যার মধ্যে জয় এসেছে ৯টিতে।
ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটারও স্পেনকেই ম্যাচের ফেভারিট হিসেবে দেখছে। তাদের ২৫ হাজারের বেশি সিমুলেশন অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৩ শতাংশ, বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ১৮.৩ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২২.৪ শতাংশ।
অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নিলে স্পেনের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৫ শতাংশ। তবে নকআউট ফুটবলে পরিসংখ্যান সব সময় শেষ কথা বলে না। তাই লস অ্যাঞ্জেলেসের মাঠে বেলজিয়ামের শক্তিশালী আক্রমণ ও স্পেনের দুর্ভেদ্য রক্ষণভাগের লড়াই ঘিরে দারুণ এক ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি, পুলিশের অধীনে থাকবে
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- অর্থবছরের সময়সীমায় বড় পরিবর্তন, নতুন হিসাব এপ্রিল-মার্চ
- ২০২৬ সালেই পে-স্কেল ঘোষণা করা হবে: অর্থমন্ত্রী
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
