দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো!
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ১৬-এ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে কানাডাকে ৩-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে আফ্রিকার প্রতিনিধিরা এবং সুযোগ কাজে লাগিয়ে বড় জয় নিশ্চিত করেছে।
মরক্কোর হয়ে ম্যাচের ৫০ ও ৮২ মিনিটে জোড়া গোল করেন আজ্জেদিন উনাহি। যোগ করা সময়ের (৯০+৪ মিনিট) শেষ দিকে সৌফিয়ান রহিমি আরও একটি গোল করে দলের জয়কে আরও বড় করে তোলেন।
ম্যাচের পরিসংখ্যানে কানাডা ১০টি শট নিলেও মাত্র ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় এবং কোনো গোল করতে পারেনি। অন্যদিকে মরক্কো ৫টি শটের মধ্যে ৪টি লক্ষ্যে রেখে ৩টি গোল আদায় করে অসাধারণ ফিনিশিংয়ের পরিচয় দেয়।
বল দখলে মরক্কো ছিল এগিয়ে (৫৬%), পাশাপাশি ৩৯৯টি পাস দিয়ে ৮৫ শতাংশ সফল পাস সম্পন্ন করে। কানাডা কর্নারে (১১-১) ও আক্রমণের সংখ্যায় এগিয়ে থাকলেও গোলের সামনে ব্যর্থতাই তাদের বিদায়ের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জয়ের মাধ্যমে মরক্কো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে এবং শিরোপার লড়াইয়ে নিজেদের শক্তিশালী দাবিদার হিসেবে আরও একবার প্রমাণ করেছে।
আয়শা/
