আজ ঘোষণা হবে এলপিজির নতুন দাম!
নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারকারীদের জন্য নতুন মূল্য ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার (২ জুলাই)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেল ৩টায় এক মাসের জন্য ভোক্তা পর্যায়ের নতুন এলপিজি ও অটোগ্যাসের দাম প্রকাশ করবে।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত জুলাই ২০২৬ মাসের সৌদি সিপি (Saudi CP) মূল্য বিবেচনায় দেশের বেসরকারি এলপিজির নতুন দাম নির্ধারণ করা হবে। আন্তর্জাতিক বাজারের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হচ্ছে।
এলপিজির পাশাপাশি আজই অটোগ্যাসের নতুন মূল্যও ঘোষণা করা হবে। ফলে গ্যাসচালিত যানবাহনের মালিকদেরও নজর রয়েছে বিইআরসির ঘোষণার দিকে।
এর আগে গত ২ জুন এলপিজির দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়।
একই সময়ে অটোগ্যাসের দামও কমানো হয়েছিল। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়।
আজকের ঘোষণার পরই জানা যাবে, জুলাই মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম অপরিবর্তিত থাকবে, নাকি আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়ে নতুন করে বাড়বে বা কমবে।
সোহাগ/
