আবারও উত্তপ্ত সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল, বন্ধ ৩০ কারখানা
নিজস্ব প্রতিবেদক: মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিত হওয়ার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের অন্যতম প্রধান তৈরি পোশাকশিল্প এলাকা সাভার ও আশুলিয়া। শ্রমিক অসন্তোষের জেরে মঙ্গলবার (১৭ নভেম্বর) আশুলিয়ায় ৩০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। অন্যদিকে, সাভারের হেমায়েতপুরে দুটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান নিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কোথাও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
আশুলিয়ায় বন্ধ ৩০ কারখানা, সড়কে শ্রমিকদের বিক্ষোভ
শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ থাকা ৩০টি কারখানার মধ্যে ২১টি অনির্দিষ্টকালের জন্য এবং ৯টি শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। এসব কারখানার সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
নোটিশে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। এসব কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
এদিকে, আশুলিয়ার জামগড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. আতিকুল ইসলামের মালিকানাধীন ‘দি রোজ ড্রেসেস লিমিটেড’ কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে সড়কে নামার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
একইভাবে আশুলিয়ার খেজুরবাগান এলাকার আরেকটি কারখানার শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে তাঁদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ মুখোমুখি
সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে মঙ্গলবার সকালে হাজিরা দেওয়ার পর স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান নেন।
তাঁদের দেখে পাশের আরেকটি কারখানার শ্রমিকেরাও কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ আশপাশের চালু থাকা কারখানাগুলোর দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ বাধা দেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। বর্তমানে পদ্মার মোড়ে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।
সতর্ক অবস্থানে পুলিশ ও বিজিবি
শিল্পাঞ্চলে নতুন করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং শিল্প পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান ও সাঁজোয়া যান (এপিসি)।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
কেন আবারও উত্তপ্ত পোশাকশিল্প এলাকা?
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ চলছে।
শ্রমিকদের প্রধান তিনটি দাবি হলো, বর্তমান সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল।
এ পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ করতে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। এরপর থেকেই শিল্পাঞ্চলে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়ে।
এর আগে গত ৪ নভেম্বর মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। তৃতীয় সভায় মালিকপক্ষের নিজস্ব প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও বৈঠক স্থগিত হওয়ায় সেই প্রক্রিয়াও পিছিয়ে যায়।
অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর
দীর্ঘদিন ধরে চলা শ্রমিক অসন্তোষ, আন্দোলন ও সংঘর্ষের কারণে পোশাকশিল্পে উৎপাদন কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে গত শনিবার জরুরি বিশেষ বৈঠক করে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা অব্যাহত থাকলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সব মিলিয়ে মজুরি বোর্ডের বৈঠক স্থগিত, শ্রমিকদের বিক্ষোভ এবং কারখানা বন্ধের ঘটনায় সাভার-আশুলিয়ার পোশাকশিল্পে আবারও অস্থিরতা তৈরি হয়েছে। শ্রমিকদের দাবি ও মালিকপক্ষের অবস্থানের মধ্যে সমঝোতা না হলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে আরও অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সোহাগ/
