তিন জেলাকে যুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা কোথায়
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে নতুন একটি পরিকল্পনা সামনে এসেছে। মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা, এই তিন জেলাকে যুক্ত করে ইংরেজি ‘Y’ অক্ষরের আদলে সেতুটি নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় পদ্মা সেতুর তিনটি সংযোগস্থল হবে মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট। অর্থাৎ সেতুটি শুধু রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ সহজ করবে না, পাবনা অঞ্চলের মানুষের জন্যও ঢাকায় যাতায়াতের নতুন পথ তৈরি করতে পারে।
অন্যদিকে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ করতে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের। তবে এই সেতু কোথায় নির্মিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধার বালাসী এবং জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি, এমন কয়েকটি সম্ভাব্য পথ বিবেচনায় রয়েছে।
সেতু দুটির অবস্থান, দৈর্ঘ্য, নকশা ও নির্মাণব্যয় নির্ধারণে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সমীক্ষার প্রতিবেদন পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় পদ্মা সেতু হবে যেভাবে
সেতু বিভাগের নতুন পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই আকৃতির। এর একটি প্রান্ত থাকবে মানিকগঞ্জের পাটুরিয়ায়, আরেকটি রাজবাড়ীর দৌলতদিয়ায় এবং তৃতীয়টি পাবনার কাজিরহাটে।
সেতু বিভাগ সূত্রের তথ্য অনুযায়ী, এই সেতু নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের বিকল্প পথ তৈরি হবে।
বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের মানুষের রাজধানীতে যাতায়াত সহজ হতে পারে। এ ছাড়া নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর ও যশোরের কিছু এলাকার যোগাযোগেও সুবিধা বাড়বে।
পাবনার কাজিরহাটকে সেতুর সঙ্গে যুক্ত করা হলে পাবনা অঞ্চলের মানুষের জন্য ঢাকায় যাতায়াতের নতুন পথ তৈরি হবে। পাশাপাশি মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনার মধ্যে সরাসরি যোগাযোগ বাড়বে।
সেতুটি চালু হলে মোংলা সমুদ্রবন্দর এবং বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরের সঙ্গে রাজধানীর বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এতে কৃষি ও শিল্পপণ্য পরিবহনে সময় ও ব্যয় কমতে পারে বলে আশা করছে সেতু বিভাগ।
দ্বিতীয় যমুনা সেতু কোথায় নির্মিত হতে পারে?
উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ১৯৯৮ সালে চালু হওয়া এই সেতু দিয়ে বর্তমানে দিনে গড়ে প্রায় ২৫ হাজার যানবাহন চলাচল করে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসব এবং সপ্তাহের শুরু ও শেষের দিকে যানবাহনের চাপ বেড়ে যানজট তৈরি হয়।
এ পরিস্থিতিতে পুরোনো যমুনা সেতুর বিকল্প হিসেবে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য সম্ভাব্য চার থেকে পাঁচটি পথ বিবেচনায় রয়েছে।
আলোচনায় থাকা উল্লেখযোগ্য দুটি পথ হলো:
১. জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে গাইবান্ধার বালাসী ঘাট।
২. জামালপুরের মাদারগঞ্জ থেকে বগুড়ার সারিয়াকান্দি।
এ ছাড়া কুড়িগ্রামের চিলমারী ও রৌমারীর মধ্যেও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের বিষয়টি বিবেচনায় রয়েছে।
তবে এসব পথের মধ্যে কোনটি চূড়ান্ত হবে, তা এখনো জানা যায়নি। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল, যোগাযোগের সুবিধা, অর্থনৈতিক প্রভাব ও নির্মাণব্যয় বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কেন প্রয়োজন দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু?
দেশের গুরুত্বপূর্ণ দুই নদীর ওপর নতুন সেতু নির্মাণের পরিকল্পনার পেছনে রয়েছে যোগাযোগব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্য।
বর্তমানে যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২৫ হাজার যানবাহন চলাচল করে। অন্যদিকে ২০২২ সালে চালু হওয়া পদ্মা সেতু দিয়ে দিনে গড়ে প্রায় ২০ হাজার যানবাহন চলাচল করছে।
যানবাহনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দুই সেতুতেই চাপ বাড়ছে। নতুন সেতু নির্মিত হলে বিদ্যমান সেতুগুলোর ওপর চাপ কমানোর পাশাপাশি বিকল্প যোগাযোগপথ তৈরি হবে।
দ্বিতীয় পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, শিল্প ও বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে দ্বিতীয় যমুনা সেতু উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ সহজ করার পাশাপাশি বগুড়াসহ আশপাশের এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
বিশেষ করে বগুড়াকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার সঙ্গে দ্বিতীয় যমুনা সেতুর বিষয়টিও যুক্ত রয়েছে।
বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল দুই সেতু
দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের প্রতিশ্রুতি বিএনপির নির্বাচনী ইশতেহারেও ছিল। একই সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ উন্নয়ন, কৃষি ও পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারাজ নির্মাণকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
গত ৩ নভেম্বর সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতুর কাজ সমন্বয় করে এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি যমুনা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত নকশা ও উন্নয়ন প্রকল্প তৈরি করে নির্মাণকাজের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ছাড়া গত ২৫ অক্টোবর সেতু বিভাগ ৫৯টি প্রকল্পকে জাতীয় অগ্রাধিকারভিত্তিক সমন্বিত লজিস্টিকস প্রকল্পের পাইপলাইন তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করে। ওই তালিকায় দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পও রয়েছে।
তিন দশক ধরে আলোচনায় দ্বিতীয় পদ্মা সেতু
পদ্মা নদীতে দ্বিতীয় সেতু নির্মাণের আলোচনা নতুন নয়। ১৯৯৯ সালে প্রথমবারের মতো এ বিষয়ে প্রাক্-সম্ভাব্যতা সমীক্ষা করা হয়। পরে ২০০৫ সালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় বিস্তারিত কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়।
সেই সমীক্ষায় পদ্মা সেতু নির্মাণের জন্য তিনটি সম্ভাব্য পথ প্রস্তাব করা হয়েছিল। এগুলো হলো মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা, মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং ঢাকার দোহার থেকে ফরিদপুরের চরভদ্রাসন।
শেষ পর্যন্ত মাওয়া-জাজিরা পথে পদ্মা সেতু নির্মিত হয়। তবে পাটুরিয়া-দৌলতদিয়া পথে আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা বিকল্প হিসেবে আলোচনায় থেকে যায়।
২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মহাপরিকল্পনাতেও দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। সেখানে পাটুরিয়া-দৌলতদিয়া পথে কেবল-স্টেড নকশায় সেতু নির্মাণের পরিকল্পনা রাখা হয়েছিল।
রাজবাড়ী-পাবনা সেতুর বদলে ওয়াই আকৃতির পরিকল্পনা
দ্বিতীয় পদ্মা সেতুর পাশাপাশি রাজবাড়ী ও পাবনার মধ্যে আলাদা একটি সেতু নির্মাণের পরিকল্পনাও আগে আলোচনায় ছিল। এ জন্য রাজবাড়ীর ধাওয়ারপাড়া ফেরিঘাট থেকে পাবনার সুজানগর উপজেলার হাসামপুর পর্যন্ত সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল।
তবে সেতু বিভাগের কর্মকর্তাদের মতে, রাজবাড়ী, পাবনা ও মানিকগঞ্জকে যুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে রাজবাড়ী-পাবনা পথে আলাদা সেতুর প্রয়োজন নাও হতে পারে।
এদিকে রাজবাড়ী ও পাবনার মধ্যে পদ্মা ব্যারাজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের। প্রস্তাব অনুযায়ী, রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে পাবনার সুজানগরের সাতবাড়িয়া পর্যন্ত ব্যারাজ নির্মাণের কথা রয়েছে। এটি দ্বিতীয় পদ্মা সেতুর দৌলতদিয়া প্রান্ত থেকে ৩০ কিলোমিটারের মধ্যে হতে পারে। ব্যারাজের ওপর দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ফলে দ্বিতীয় পদ্মা সেতু ও পদ্মা ব্যারাজের অবস্থান এবং পারস্পরিক সংযোগ কীভাবে নির্ধারণ করা হবে, তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
কবে জানা যাবে চূড়ান্ত নকশা ও নির্মাণব্যয়?
দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। গত ২৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সমীক্ষার কাজ শুরু হয়েছে।
এ কাজে যৌথভাবে যুক্ত রয়েছে নেপালের এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট কনসালট্যান্ট (ইআরএমসি), সুইডেনের সুইডিশ ন্যাশনাল রোড কনসালটিং (সুইরোড), দক্ষিণ কোরিয়ার ডাসান এবং বাংলাদেশের দেশ উপদেশ ও সার্ম অ্যাসোসিয়েটস।
সমীক্ষার চুক্তিমূল্য ১৮ কোটি ৫৯ লাখ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে এই কাজ হচ্ছে। সমীক্ষার মেয়াদ ১২ মাস এবং আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য রয়েছে।
সেতু বিভাগের কর্মকর্তাদের আশা, আগামী কয়েক মাসের মধ্যে দুই সেতুর সম্ভাব্য পথ ও প্রাথমিক নকশা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। পূর্ণাঙ্গ সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর সেতুর চূড়ান্ত অবস্থান, দৈর্ঘ্য, নকশা ও নির্মাণব্যয় নির্ধারণ করা সম্ভব হবে। এরপর তৈরি করা হবে উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি।
বিশেষজ্ঞদের মত কী?
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক মনে করেন, দ্বিতীয় যমুনা সেতু এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। একই সঙ্গে দ্বিতীয় পদ্মা সেতুরও প্রয়োজন রয়েছে।
তবে তাঁর মতে, সেতুর অবস্থান ও নকশা এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে সবচেয়ে বেশি মানুষ এর সুফল পেতে পারেন।
তিনি আরও বলেন, একই অঞ্চলে একাধিক সেতু ও ব্যারাজ নির্মাণের পরিকল্পনা থাকায় প্রকল্পগুলোর মধ্যে আন্তসংযোগ কীভাবে তৈরি হবে, তা শুরু থেকেই বিবেচনায় রাখা জরুরি।
সব মিলিয়ে দ্বিতীয় পদ্মা সেতুর ওয়াই আকৃতির পরিকল্পনা এবং দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্য অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখনো কোনো সেতুর চূড়ান্ত নকশা, নির্মাণব্যয় কিংবা নির্মাণ শুরুর সময় নির্ধারিত হয়নি। সমীক্ষা শেষ হওয়ার পরই প্রকল্পগুলোর বাস্তব চিত্র স্পষ্ট হবে।
সিদ্দিকা/
