৯০ মিনিটের খেলা শেষ; ফ্রান্স-নরওয়ে ম্যাচ, জানুন ফলাফল
খেলাধুলা ডেস্ক: উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘আই’-এর চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। বস্টনে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথম দুই ম্যাচে জয় পেয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছিল দুই দলই। তবে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শেষ হাসি হাসে ফরাসিরা। তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখে তারা। অন্যদিকে প্রথমবারের মতো হারলেও ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে নরওয়ে।
ম্যাচের নায়ক ছিলেন উসমান দেম্বেলে। বিশ্বকাপের প্রথম ১২ ম্যাচে গোলশূন্য থাকার পর ইরাকের বিপক্ষে খরা কাটানো এই ফরোয়ার্ড এবার নরওয়ের জালে ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন। বিশ্বকাপ ইতিহাসে এটি ম্যাচের শুরু থেকে দ্বিতীয় দ্রুততম এবং গত ৭২ বছরের মধ্যে দ্রুততম হ্যাটট্রিক হিসেবে জায়গা করে নিয়েছে।
ম্যাচের সপ্তম মিনিটে কিলিয়ান এমবাপের চমৎকার পাস ধরে ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে শক্তিশালী শটে ফ্রান্সকে এগিয়ে দেন দেম্বেলে। ২০তম মিনিটে এমবাপের আরেকটি অ্যাসিস্ট থেকে দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
তবে এক মিনিট পরই ব্যবধান কমায় নরওয়ে। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে গোল করেন আসগার্ড। কিন্তু ৩২তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস থেকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে এবং ফ্রান্সকে আবারও দুই গোলের স্বস্তিদায়ক ব্যবধানে এগিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ফিরে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল নরওয়ে। ৫০তম মিনিটে পেনাল্টি পেলেও লারসেনের দুর্বল শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনান। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রাখে ফরাসিরা।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ব্রাডলি বার্কোলার নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান ৪-১ করেন তরুণ ফরোয়ার্ড দিজিরে দুয়ে। বিশ্বকাপে এটিই ছিল ২১ বছর বয়সী এই ফুটবলারের প্রথম গোল।
ব্যক্তিগত কারণে মায়ের শেষকৃত্যে যোগ দিতে দেশে ফেরায় এদিন ফ্রান্সের ডাগআউটে ছিলেন না প্রধান কোচ দিদিয়ে দেশোঁ। তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন সহকারী কোচ গি স্তেফাঁ।
গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ বত্রিশে ওঠা ফ্রান্স এখন অপেক্ষা করছে পরবর্তী প্রতিপক্ষের জন্য। অন্যদিকে নরওয়ে নকআউট পর্বে মুখোমুখি হবে আইভরি কোস্টের।
আয়শা/
