৯০ মিনিটের খেলা শেষ; জার্মানি-ইকুয়েডর ম্যাচ, জানুন ফলাফল
খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর শেষ ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে ইকুয়েডর। শুরুতে পিছিয়ে পড়েও চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দলটি। ২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ইকুয়েডর।
বৃহস্পতিবার (২৫ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় দুই দলকে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই ফ্লোরিয়ান উইর্টজের বাড়ানো বলে গোল করে জার্মানিকে এগিয়ে দেন লেরয় সানে। দ্রুত গোল পেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করে জার্মানরা।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ইকুয়েডরকে। নবম মিনিটে পেদ্রো ভিটের দারুণ পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান নিলসন অ্যাঙ্গুলো। প্রথমার্ধের বাকি সময় দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।
বিরতির পর ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ইকুয়েডর। শেষ পর্যন্ত ৭৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। কেভিন রদ্রিগেজের নিখুঁত সহায়তায় গঞ্জালো প্লাটা জালে বল পাঠিয়ে ইকুয়েডরকে ২-১ গোলের গুরুত্বপূর্ণ জয় এনে দেন।
ম্যাচের পরিসংখ্যানে বল দখলে এগিয়ে ছিল জার্মানি। পুরো ম্যাচে ৬১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল ইউরোপের দলটি, যেখানে ইকুয়েডরের দখলে ছিল ৩৯ শতাংশ। জার্মানি ১১টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে ইকুয়েডর আটটি শটের মধ্যে তিনটিই অন-টার্গেটে রাখতে পেরেছে, যার দুটি থেকেই এসেছে গোল।
এই হারে জার্মানির শীর্ষস্থান অক্ষুণ্ন থাকলেও গ্রুপ পর্ব শেষ হলো পরাজয়ের স্বাদ নিয়ে। অন্যদিকে ইকুয়েডরের জন্য এটি ছিল টিকে থাকার লড়াই, আর সেই পরীক্ষায় সফল হয়েই দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল তারা।
আয়শা/
