কবে থেকে টানা বৃষ্টি হবে জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক: জুনের শুরুতেই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। দেশের অন্তত ৪০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। প্রখর রোদ আর গরম বাতাসে বেড়েছে হিটস্ট্রোকসহ নানা স্বাস্থ্যঝুঁকিও। তবে এর মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে, এতে কমবে গরমের তীব্রতা।
বুধবার (৩ জুন) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল প্রায় মেঘহীন। দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট, ফুটপাত ও জনবহুল এলাকাগুলোতে গরমের প্রভাব আরও প্রকট হয়ে ওঠে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে।
আবহাওয়াবিদরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ‘এল নিনো’র প্রভাবেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। তবে আগামীকাল থেকে পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এল নিনোর প্রভাবে দেশের তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।
তিনি আরও বলেন, সারা দেশে পর্যাপ্ত বৃষ্টিপাত শুরু হলে চলমান গরমের তীব্রতা অনেকটাই কমে আসবে এবং জনজীবনে স্বস্তি ফিরতে পারে।
সিদ্দিকা/
