মোহাম্মদপুরে ১০ তলা ভবনে ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট সংলগ্ন একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
রোববার সন্ধ্যা ৭টা ৩ মিনিটের দিকে জাপান গার্ডেন সিটির বিপরীতে থাকা একটি ১০ তলা ভবনের সর্বোচ্চ তলায় আগুন লাগে বলে জানা গেছে। খবর পাওয়ার পরপরই মোহাম্মদপুর ও কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে মোট চারটি ইউনিট পাঠানো হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এর মধ্যে দুটি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বাকি দুটি ইউনিটও দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তবে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরুতেই কিছুটা বেগ পেতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কারণ ঘটনাস্থলের আশপাশে তীব্র যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো দ্রুত পৌঁছাতে সমস্যার মুখে পড়ে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগা ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তাও এখনো জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার ও আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
সোহাগ/
