সোমবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজের কারণে আগামীকাল সোমবার (১৮ মে) রাজশাহীর কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে।
এ কারণে সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো, কাপাশিয়া ফিডারের আওতাধীন কাটাখালী বাজার দক্ষিণ, বেলঘড়িয়া রোড, বাখরাবাজ মোল্লাপাড়া, সমসাদিপুর, মিরকামারী, কাপাশিয়া পশ্চিমপাড়া ও পাক ইসলামপুর এলাকা। এছাড়া সোর্স থেকে কাপাশিয়া মহানগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ পর্যন্ত ফিডার এলাকায়ও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।
সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
আশা/
