| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আয় থাকলেও সঞ্চয় হয় না? টাকা জমানোর ৫ কার্যকর কৌশল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৬ ১৪:০৯:২৭
আয় থাকলেও সঞ্চয় হয় না? টাকা জমানোর ৫ কার্যকর কৌশল

মাসের শুরুতে বেতন বা আয় হাতে পেলেই অনেকেই ভাবেন, এবার কিছু টাকা সঞ্চয় করবেন। কিন্তু বাসাভাড়া, বাজার, যাতায়াত, বিদ্যুৎ বিলসহ নানা খরচ মেটাতে গিয়ে মাস শেষে দেখা যায়, হাতে আর কিছুই অবশিষ্ট নেই। ফলে সঞ্চয়ের পরিকল্পনা বারবার পিছিয়ে যায়।

১. কাকেবো পদ্ধতি: প্রতিটি খরচের হিসাব রাখুন

জাপানের জনপ্রিয় সঞ্চয় পদ্ধতিগুলোর একটি হলো ‘কাকেবো’। জাপানি সাংবাদিক হানি মোতোকে ১৯০৪ সালে এই পদ্ধতি জনপ্রিয় করার কৃতিত্ব দেওয়া হয়। কাকেবো শব্দের অর্থ গৃহস্থালির হিসাবের খাতা।

এই পদ্ধতির মূল ধারণা হলো, কোথায় কত টাকা খরচ হচ্ছে, তার নিয়মিত হিসাব রাখা। মাসের শুরুতে মোট আয়, প্রয়োজনীয় ব্যয় এবং সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ করতে হয়। এরপর প্রতিদিনের খরচ লিখে রাখতে হয়।

কাকেবো পদ্ধতিতে সাধারণত ব্যয়কে চারটি ভাগে ভাগ করা হয়:

  • প্রয়োজনীয় খরচ: খাবার, বাসাভাড়া, যাতায়াত ও চিকিৎসা।

  • ঐচ্ছিক খরচ: কেনাকাটা, শখ বা বাইরে খাওয়ার মতো ব্যয়।

  • সংস্কৃতি ও বিনোদন: বই, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠান বা শেখার খরচ।

  • অপ্রত্যাশিত খরচ: হঠাৎ চিকিৎসা, জরুরি মেরামত বা অন্যান্য অনাকাঙ্ক্ষিত ব্যয়।

প্রতিদিনের খরচ লিখে রাখলে মাস শেষে সহজেই বোঝা যায়, কোন খাতে বেশি টাকা চলে যাচ্ছে। কেনাকাটার আগে নিজেকে কয়েকটি প্রশ্নও করতে পারেন। জিনিসটি কি সত্যিই প্রয়োজন? এখনই কেনা জরুরি কি না? এটি কিনলে মাসের বাজেটে চাপ পড়বে কি?

এভাবে খরচের অভ্যাস সম্পর্কে সচেতন হওয়া যায় এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর সুযোগ তৈরি হয়।

২. ৫০-৩০-২০ নিয়ম: আয়ের তিন ভাগ করুন

মাসিক আয় ব্যবস্থাপনার সহজ একটি পদ্ধতি হলো ৫০-৩০-২০ নিয়ম। এলিজাবেথ ওয়ারেন ও তাঁর মেয়ে অ্যামেলিয়া ওয়ারেন টায়াগি তাঁদের ‘অল ইওর ওয়ার্থ: দ্য আলটিমেট লাইফটাইম মানি প্ল্যান’ বইয়ে এই বাজেট পদ্ধতি তুলে ধরেন।

এই নিয়মে মাসিক আয়কে তিন ভাগে ভাগ করা হয়:

  • ৫০ শতাংশ প্রয়োজনীয় খরচে: বাসাভাড়া, খাবার, বিল, যাতায়াত ও অন্যান্য জরুরি ব্যয়।

  • ৩০ শতাংশ ব্যক্তিগত চাহিদায়: বিনোদন, শখ, বাইরে খাওয়া বা কেনাকাটা।

  • ২০ শতাংশ সঞ্চয় ও ঋণ পরিশোধে: জরুরি তহবিল, ভবিষ্যতের লক্ষ্য বা ঋণ পরিশোধ।

ধরুন, আপনার মাসিক আয় ৫০ হাজার টাকা। এই নিয়ম অনুসরণ করলে ২৫ হাজার টাকা প্রয়োজনীয় খরচে, ১৫ হাজার টাকা ব্যক্তিগত চাহিদায় এবং ১০ হাজার টাকা সঞ্চয় ও ঋণ পরিশোধের জন্য রাখতে পারেন।

তবে সবার আয় ও পারিবারিক খরচ এক রকম নয়। তাই ৫০-৩০-২০ অনুপাত হুবহু অনুসরণ করা সম্ভব না হলে নিজের সামর্থ্য অনুযায়ী অনুপাত পরিবর্তন করতে পারেন। মূল লক্ষ্য হলো আয় অনুযায়ী খরচের সীমা নির্ধারণ করা এবং সঞ্চয়ের জন্য নির্দিষ্ট অর্থ রাখা।

৩. পে ইউরসেলফ ফার্স্ট: আয় হাতে পেয়েই সঞ্চয় করুন

অনেকেই মাসের সব খরচ মেটানোর পর যে টাকা অবশিষ্ট থাকে, তা সঞ্চয় করার পরিকল্পনা করেন। কিন্তু বেশির ভাগ সময় মাস শেষে আর টাকা থাকে না। এই সমস্যা এড়াতে কার্যকর হতে পারে ‘পে ইউরসেলফ ফার্স্ট’ পদ্ধতি।

এর অর্থ হলো, আয় হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সঞ্চয়ের টাকা আলাদা করে রাখা। এরপর অবশিষ্ট অর্থ দিয়ে মাসের খরচ পরিচালনা করা।

ধরুন, আপনার মাসিক আয় ৩০ হাজার টাকা। আপনি যদি আয়ের ১০ শতাংশ সঞ্চয়ের সিদ্ধান্ত নেন, তাহলে বেতন পাওয়ার পরই ৩ হাজার টাকা আলাদা করে রাখবেন। বাকি ২৭ হাজার টাকা দিয়ে মাসের অন্যান্য খরচের পরিকল্পনা করবেন।

সঞ্চয়ের টাকা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে রাখা যেতে পারে। নিয়মিত জমার জন্য উপযুক্ত হলে ডিপিএসের মতো পরিকল্পনাও বিবেচনা করতে পারেন। তবে কোনো সঞ্চয় প্রকল্পে টাকা রাখার আগে কিস্তি, মেয়াদ, মুনাফা, কর ও আগাম টাকা তোলার শর্ত ভালোভাবে জেনে নেওয়া জরুরি।

৪. ৩৬৫ দিনের সেভিংস চ্যালেঞ্জ: অল্প টাকা দিয়ে শুরু

সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ৩৬৫ দিনের সেভিংস চ্যালেঞ্জ অনুসরণ করতে পারেন। এই পদ্ধতিতে বছরের প্রথম দিন ১ টাকা, দ্বিতীয় দিন ২ টাকা, তৃতীয় দিন ৩ টাকা করে জমাতে হয়। এভাবে প্রতিদিন আগের দিনের তুলনায় ১ টাকা বেশি জমাতে হবে।

অর্থাৎ ৩০তম দিনে জমবে ৩০ টাকা, ১০০তম দিনে ১০০ টাকা এবং বছরের শেষ দিনে জমাতে হবে ৩৬৫ টাকা।

পুরো ৩৬৫ দিন নিয়ম মেনে চলতে পারলে বছর শেষে মোট জমবে ৬৬ হাজার ৭৯৫ টাকা।

এই পদ্ধতির সুবিধা হলো, খুব অল্প টাকা দিয়ে সঞ্চয় শুরু করা যায়। তবে শেষের দিকে প্রতিদিনের জমার পরিমাণ বেড়ে যায়। তাই কারও জন্য প্রতিদিন টাকা জমা রাখা কঠিন হলে সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে একই লক্ষ্যমাত্রা অনুসরণ করতে পারেন।

নিজের সামর্থ্যের বাইরে গিয়ে এই চ্যালেঞ্জ চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন হলে জমার অঙ্ক কমিয়ে নিলেও নিয়মিত সঞ্চয়ের অভ্যাস বজায় রাখা বেশি গুরুত্বপূর্ণ।

৫. সিংকিং ফান্ড: আগাম খরচের জন্য আলাদা তহবিল

বছরের বিভিন্ন সময়ে কিছু বড় খরচ আসতে পারে। যেমন ঈদের কেনাকাটা, সন্তানের স্কুলে ভর্তি, বাড়ি মেরামত, চিকিৎসা বা পারিবারিক ভ্রমণ। এসব খরচের জন্য আগে থেকে আলাদা টাকা জমিয়ে রাখার পদ্ধতিকে বলা হয় ‘সিংকিং ফান্ড’।

এই পদ্ধতিতে বড় অঙ্কের টাকা একসঙ্গে জোগাড় না করে কয়েক মাস ধরে অল্প অল্প করে জমাতে হয়।

ধরুন, ঈদের কেনাকাটায় আপনার ২৪ হাজার টাকা প্রয়োজন। ঈদের ছয় মাস আগে থেকে সঞ্চয় শুরু করলে প্রতি মাসে ৪ হাজার টাকা করে জমালেই নির্ধারিত অর্থের ব্যবস্থা হয়ে যাবে।

একইভাবে সন্তানের শিক্ষাব্যয়, বাড়ির মেরামত, উৎসব বা বার্ষিক ভ্রমণের জন্য আলাদা তহবিল তৈরি করতে পারেন। এতে নির্দিষ্ট সময়ে বড় খরচের চাপ কমবে এবং প্রয়োজন মেটাতে ঋণ নেওয়ার ঝুঁকিও কমতে পারে।

সঞ্চয় শুরু করতে বড় আয়ের অপেক্ষা নয়

সঞ্চয়ের জন্য নির্দিষ্ট কোনো আয়ের সীমা নেই। আয় কম হলেও সামর্থ্য অনুযায়ী অল্প টাকা দিয়ে শুরু করা যায়। প্রথমে মাসিক আয় ও খরচের হিসাব তৈরি করুন। এরপর অপ্রয়োজনীয় ব্যয় চিহ্নিত করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ের জন্য রাখুন।

হঠাৎ বড় অঙ্কের টাকা জমাতে গিয়ে কয়েক মাস পর অভ্যাস বন্ধ করে দেওয়ার চেয়ে নিয়মিত অল্প অল্প করে সঞ্চয় করা বেশি কার্যকর। জরুরি প্রয়োজনের জন্য আলাদা তহবিল গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতের লক্ষ্য অনুযায়ী সঞ্চয়ের পরিকল্পনা করুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আয় হাতে পাওয়ার পর সঞ্চয়কে মাসের শেষের কাজ না ভেবে শুরুতেই বাজেটের অংশ করে নেওয়া। নিয়মিত এই অভ্যাস বজায় রাখতে পারলে ধীরে ধীরে আর্থিক নিরাপত্তার ভিত্তি তৈরি করা সম্ভব।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...