১৪ এপ্রিল সরকারি ছুটি; কারা পাবে কারা পাবেনা
নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখ উপলক্ষে আগামী সপ্তাহে সরকারি চাকরিজীবীদের সামনে তৈরি হয়েছে টানা পাঁচ দিনের ছুটি কাটানোর এক দারুণ সুযোগ। মাত্র দুই দিনের বাড়তি ছুটি ম্যানেজ করতে পারলেই এই দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
ছুটির হিসাবটি যেভাবে কাজ করবে:
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এর ঠিক পরের দুই কর্মদিবস অর্থাৎ বুধবার (১৫ এপ্রিল) এবং বৃহস্পতিবার (১৬ এপ্রিল) যদি কোনো চাকরিজীবী ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবেই তার জন্য খুলে যাবে টানা ছুটির দুয়ার।
সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয়:
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিনের ছুটির পরপরই ১৭ ও ১৮ এপ্রিল (শুক্রবার ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে কেউ যদি মাঝের দুই দিন ছুটি নিতে পারেন, তবে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন কর্মব্যস্ততা থেকে দূরে থাকার সুযোগ পাবেন।
কারা পাবেন এই সুযোগ:
মূলত যারা সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর থাকে, তারা এই ছুটির সমীকরণটি মেলাতে পারবেন। তবে যাদের প্রতিষ্ঠান নিজস্ব নিয়মে চলে কিংবা যাদের সাপ্তাহিক ছুটি কেবল একদিন, তাদের ক্ষেত্রে এই সুযোগ কিছুটা সীমিত হতে পারে।
টানা ছুটির এই সম্ভাবনাকে ঘিরে ইতোমধ্যেই সরকারি চাকুরিজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে এবং অনেকেই আগেভাগে ভ্রমণের পরিকল্পনা শুরু করেছেন।
সোহাগ/
