৯ম পে-স্কেল বাস্তবায়নে শেষ আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক: ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। সংগঠনটি জানিয়েছে, আগামী ১৫ মার্চের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে আগামী ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সংগঠনের সদস্য সচিব মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫ সালে ঘোষিত ৮ম পে-স্কেলে ১১-২০ গ্রেডের কর্মচারীদের মধ্যে ব্যাপক বৈষম্য তৈরি হয়েছে। দীর্ঘ দিন ধরে এই বৈষম্য নিরসনের দাবি জানানো হলেও আগের সরকারগুলোর কাছ থেকে কোনো কার্যকর সাড়া পাওয়া যায়নি। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নির্দিষ্ট আয়ে ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে সংগঠনটি দাবি করেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে একটি পে-কমিশন গঠন করা হয়েছিল এবং সেই কমিশন তাদের প্রতিবেদন জমা দিলেও এখনো বাস্তবায়ন শুরু হয়নি। এই পরিস্থিতিতে দ্রুততম সময়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেল কার্যকরের আহ্বান জানিয়েছে তারা।
কর্মসূচি ঘোষণা:
গত ২০ ফেব্রুয়ারির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনটি নিচের কর্মসূচিগুলো পালনের ঘোষণা দিয়েছে:
১. আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবেন।
২. একই সময়ে কেন্দ্রীয় নেতারা মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেবেন।
৩. পবিত্র রমজান মাসজুড়ে দেশের সব বিভাগীয় শহরে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম চালানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চের মধ্যে সরকার কোনো কার্যকর উদ্যোগ না নিলে পবিত্র ঈদুল ফিতরের পর ২৮ মার্চ পরবর্তী চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।
সেলিম/
