পে স্কেল বাস্তবায়নের দাবিতে চাকুরিজীবীদের নতুন কর্মসূচি
পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি চাকুরিজীবীদের আলোচনা ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকুরিজীবীদের ন্যায্য অধিকার আদায় এবং বকেয়া পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে একটি আলোচনা সভা ও ইফতার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় 'আমরা সরকারি চাকুরিজীবী পরিষদ'-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক, সদস্য সচিবসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর বকেয়া পে স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ চাকুরিজীবীদের জীবনযাত্রার মান বজায় রাখতে নতুন বেতন কাঠামো কার্যকরের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় চাকুরিজীবীদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন যে, সরকার অতি দ্রুত চাকুরিজীবীদের এই প্রাণের দাবি বিবেচনা করবে। আলোচনা শেষে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোহাগ/
