রোজার শুরুতে সয়াবিন তেলের বাজারে আগুন
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়ানোর পাঁয়তারা করছেন। এমনকি অগ্রিম টাকা দিয়েও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা।
গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) নবাবগঞ্জ বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় সয়াবিন তেলের দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, গত সপ্তাহে যে খোলা তেল ১৯০ টাকা দরে বিক্রি হয়েছে, তা এখন ২০০ থেকে ২২০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। রমজান এলেই একটি সিন্ডিকেট চক্র পরিকল্পিতভাবে পণ্যের দাম বাড়িয়ে দেয় বলে মনে করছেন ভোক্তারা।
খুচরা বিক্রেতারা জানিয়েছেন, পাইকারি বাজার থেকে তেলের সরবরাহ প্রায় বন্ধ রাখা হয়েছে। অনেক ডিলারকে টাকা দিয়েও ১০-১৫ দিন ধরে তেলের দেখা মিলছে না। মাঝেমধ্যে কিছু বোতলজাত তেল পাওয়া গেলেও খোলা তেল বাজারে নেই বললেই চলে। বেশি দাম দিয়েও তেল সংগ্রহ করতে না পারায় খুচরা ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন।
এই পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারির দাবি তুলেছেন সাধারণ মানুষ। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানিয়েছেন, পণ্যের দাম বাড়ানোর খবর পাওয়ার পর থেকেই প্রশাসন তৎপর রয়েছে। বাজার মনিটরিং এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। কেউ যদি অবৈধভাবে পণ্য মজুত করে বা অতিরিক্ত দাম আদায় করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোহাগ/
