উত্তরা বিমান দুর্ঘটনায় শাহীন আফ্রিদির শোক বার্তা
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের কাছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং আহত অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
এই হৃদয়বিদারক ঘটনাটি দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসসহ অনেকেই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তাদের পাশাপাশি পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিও শোক জানিয়েছেন।
আফ্রিদি তার 'এক্স' (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, "হৃদয়বিদারক এবং মর্মান্তিক। দুর্ঘটনার শিকারদের জন্য প্রার্থনা। পরিবারগুলোর জন্য অলৌকিক কিছু ঘটুক এবং তাদের শক্তি ও সাহস কামনা করছি।"
এদিকে, আইএসপিআর (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক বিবৃতিতে জানিয়েছে, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়। বিমানটিতে একমাত্র পাইলট, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে সেনাবাহিনী, বিমানবাহিনী এবং ফায়ার সার্ভিসের একাধিক দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে এবং এই কাজ এখনও চলছে।
