নতুন পে-স্কেলে মাদ্রাসা শিক্ষকদের অতিরিক্ত কত টাকা লাগবে, দেখুন হিসাব
নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত প্রায় ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা প্রয়োজন হবে। বিদ্যমান বরাদ্দের বাইরে এই বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন নির্ধারণ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ বিভিন্ন খাতের সম্ভাব্য ব্যয় হিসাব করে এ অর্থের হিসাব তৈরি করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। অধিদপ্তরের প্রস্তুত করা সম্ভাব্য ব্যয় বিবরণীতে ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত ১২ মাসের হিসাব তুলে ধরা হয়েছে।
প্রথম ছয় মাসে বেতন ও ইনক্রিমেন্টে ব্যয় ৩ হাজার ৮৬৩ কোটি টাকা
ব্যয় বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের জুলাই মাসে বেসিক বেতন ও ইনক্রিমেন্ট বাবদ সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪২৯ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪৫০ টাকা।
এর সঙ্গে ১০০ শতাংশ ও ৫০ শতাংশ হিসাব সমন্বয় করে প্রথম ছয় মাসের জন্য মাসিক ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬৪৩ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ৬৭৫ টাকা।
সে হিসাবে ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে বেতন ও ইনক্রিমেন্ট বাবদ মোট ব্যয় দাঁড়াবে ৩ হাজার ৮৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৫০ টাকা।
দ্বিতীয় ছয় মাসে ব্যয় আরও বাড়বে
অন্যদিকে, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দ্বিতীয় ছয় মাসের জন্য মাসিক ব্যয় ধরা হয়েছে ৭৭২ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার ২১০ টাকা।
এ ক্ষেত্রে ১০০ শতাংশের সঙ্গে ৮০ শতাংশ হিসাব সমন্বয় করা হয়েছে। ফলে দ্বিতীয় ছয় মাসে বেতন ও ইনক্রিমেন্ট বাবদ সম্ভাব্য মোট ব্যয় দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৬ কোটি ৪ লাখ ৯৫ হাজার ২৬০ টাকা।
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় ব্যয় ৬১৭ কোটি টাকা
নতুন পে-স্কেল বাস্তবায়নের সম্ভাব্য হিসাবের মধ্যে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাও অন্তর্ভুক্ত রয়েছে।
বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত ১২ মাসে এ দুই খাতে মোট ৬১৭ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৯০৮ টাকা ব্যয় হতে পারে।
মাদ্রাসা শিক্ষকদের জন্য মোট বরাদ্দ কত প্রয়োজন?
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বেতন, ইনক্রিমেন্ট, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ মোট সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ১১৬ কোটি ৫৬ লাখ ১২ হাজার ২১৮ টাকা।
এর সঙ্গে সম্ভাব্য অতিরিক্ত ৬০০ কোটি টাকা যুক্ত করে ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে ৯ হাজার ৭১৬ কোটি ৫৬ লাখ ১২ হাজার ২১৮ টাকা।
বিদ্যমান বরাদ্দের বাইরে প্রয়োজন আরও ১ হাজার ৯৩৩ কোটি টাকা
ব্যয় বিবরণীতে মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা খাতে বিদ্যমান বরাদ্দ দেখানো হয়েছে ৭ হাজার ৭৮৩ কোটি ৬ লাখ ১১ হাজার টাকা।
অন্যদিকে, নতুন পে-স্কেল বাস্তবায়নে মোট সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৭১৬ কোটি ৫৬ লাখ ১২ হাজার ২১৮ টাকা। ফলে বিদ্যমান বরাদ্দের তুলনায় অতিরিক্ত প্রয়োজন হবে ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ ১ হাজার ২১৮ টাকা।
অর্থাৎ, নতুন পে-স্কেল অনুযায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধের জন্য ২০২৬-২৭ অর্থবছরে বর্তমান বরাদ্দের বাইরে আরও প্রায় ১ হাজার ৯৩৩ কোটি ৫০ লাখ টাকা প্রয়োজন বলে হিসাব করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
তবে এটি অধিদপ্তরের সম্ভাব্য ব্যয়ের হিসাব। অতিরিক্ত অর্থ বরাদ্দ ও নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে।
সোহাগ/
