ঢাকাসহ ৩২ জেলায় ভারী বৃষ্টি শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: দেশের উপকূলীয় কয়েকটি জেলায় আজ বুধবার (১৮ নভেম্বর) থেকে নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে। ধীরে ধীরে এই বৃষ্টির প্রবণতা দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ ৩২টি জেলায় দমকা হাওয়াসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আকস্মিক ঝড়ের আশঙ্কাও রয়েছে।
বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দক্ষিণ ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
যেসব জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা
আগামী ৭২ ঘণ্টায় সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, খুলনা, বাগেরহাট, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে।
এসব জেলার কিছু এলাকায় দমকা হাওয়াসহ সাময়িকভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে কোথাও কোথাও আকস্মিক ঝড়ও দেখা দিতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আরও যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাটসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম
আগামী কয়েক দিনে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তবে বিভাগটিতে একেবারেই বৃষ্টি হবে না, এমন নয়। সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি জানিয়েছে, মেঘের সৃষ্টি ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
২৩ নভেম্বর পর্যন্ত থাকতে পারে বৃষ্টির প্রবণতা
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, ১৮ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কয়েক দফায় বৃষ্টিপাত হতে পারে। ফলে এই সময়ে উপকূলীয় এলাকা থেকে শুরু করে দক্ষিণ ও মধ্যাঞ্চলের বাসিন্দাদের আবহাওয়ার পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে দমকা হাওয়া, বজ্রবৃষ্টি ও আকস্মিক ঝড়ের সম্ভাবনা থাকায় বাইরে চলাচলের সময় সতর্কতা অবলম্বন করা ভালো।
তবে এটি বেসরকারি আবহাওয়া সংস্থার পূর্বাভাস। বৃষ্টির প্রকৃত সময়, পরিমাণ ও বিস্তৃতি আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে।
সোহাগ/
