সেনাবাহিনীর সৈনিকের নতুন মূল বেতন ২১,৪০০ থেকে ৫১,৯০০ টাকা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে সরকার। জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা যৌথ বাহিনী নির্দেশাবলিতে সৈনিক থেকে শুরু করে বিভিন্ন পদমর্যাদার সদস্যদের মূল বেতন, ভাতা ও অবসরকালীন সুবিধার বিষয় উল্লেখ করা হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, একজন সৈনিকের মূল বেতন শুরু হবে ২১ হাজার ৪০০ টাকা থেকে। চাকরির মেয়াদ ও বেতন ধাপ অনুযায়ী তা সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে, নতুন নিয়োগপ্রাপ্ত রিক্রুটের নির্ধারিত মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা।
১৫ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬-এ এসব তথ্য তুলে ধরা হয়েছে।
সেনাবাহিনীর বিভিন্ন পদে নতুন মূল বেতন
সরকারি গেজেটে প্রকাশিত বেতন তালিকা অনুযায়ী, সেনাবাহিনীর কয়েকটি পদের মূল বেতনের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা হলো:
-
সৈনিক: ২১,৪০০ থেকে ৫১,৯০০ টাকা
-
ল্যান্স করপোরাল: ২৩,৫০০ থেকে ৫৬,৮০০ টাকা
-
করপোরাল: ২৮,০০০ থেকে ৫৮,০০০ টাকা
-
সার্জেন্ট: ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা
-
ওয়ারেন্ট অফিসার: ৪৪,০০০ থেকে ৯৬,১০০ টাকা
-
সিনিয়র ওয়ারেন্ট অফিসার: ৪৪,৫০০ থেকে ১,০১,২০০ টাকা
-
মাস্টার ওয়ারেন্ট অফিসার: ৪৫,৫০০ থেকে ১,০৬,২০০ টাকা
-
রিক্রুট: ২১,৪০০ টাকা (নির্ধারিত)
তালিকা অনুযায়ী, পদমর্যাদা, চাকরির মেয়াদ ও প্রযোজ্য বেতন ধাপের ভিত্তিতে মূল বেতনের পরিমাণ বাড়বে। তাই একই পদে কর্মরত সবার মূল বেতন সমান হবে না।
একবারে কার্যকর হচ্ছে না নতুন বেতন
নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হলেও পুরো বর্ধিত মূল বেতন একসঙ্গে দেওয়া হচ্ছে না। গেজেট অনুযায়ী, ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত সদস্যদের ক্ষেত্রে ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৭০ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে তাঁরা নতুন স্কেলের শতভাগ মূল বেতন পাবেন।
অন্যদিকে, সার্জেন্ট থেকে রিক্রুট পর্যন্ত সদস্যদের ক্ষেত্রে প্রথম ছয় মাসে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ এবং পরবর্তী ছয় মাসে ৭৫ শতাংশ কার্যকর হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে তাঁদের ক্ষেত্রেও নতুন স্কেলের শতভাগ মূল বেতন কার্যকর হবে।
মূল বেতনের বাইরে থাকছে বিভিন্ন ভাতা
সেনাবাহিনীর সদস্যদের মাসিক আর্থিক সুবিধা শুধু মূল বেতনের মধ্যে সীমাবদ্ধ নয়। দায়িত্ব, পদমর্যাদা ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতা ও সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগসংক্রান্ত সরকারি ওয়েবসাইটে বিশেষ দায়িত্ব ও দক্ষতার জন্য বিশেষ দায়িত্ব ভাতা, ঝুঁকি ভাতা, কমান্ড বা নিয়োগ ভাতা, ফ্লাইট ভাতা এবং যোগ্যতা ভাতার কথা উল্লেখ রয়েছে। এ ছাড়া উৎসব ভাতা, প্রতিরক্ষা সার্ভিস ভাতা, পোশাক, দৈনিক ও যাতায়াত ভাতার মতো সুবিধাও রয়েছে।
তবে সব সদস্য একই ধরনের বা একই পরিমাণ ভাতা পান না। পদ, দায়িত্ব, কর্মস্থল এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এসব সুবিধা নির্ধারিত হয়।
নতুন ভাতার হার কবে থেকে কার্যকর?
গেজেটে মূল বেতনের পাশাপাশি বিভিন্ন বেতন উপাদান, ভাতা ও অবসরকালীন সুবিধার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন নির্ধারিত ভাতার হার ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এর আগে প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা ও সুবিধা পাওয়ার বিধান রাখা হয়েছে।
চাকরিপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
যাঁরা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিতে চান, তাঁদের জন্য নতুন বেতন কাঠামোর তথ্য জানা গুরুত্বপূর্ণ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তালিকার ওপর নির্ভর না করে সরকারি গেজেট ও সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করা উচিত।
সব মিলিয়ে, নতুন নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর একজন সৈনিকের মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে নতুন বেতন ধাপে ধাপে কার্যকর হবে। তাই মূল বেতনের অঙ্ক দেখেই হাতে পাওয়া মোট মাসিক বেতন নির্ধারণ করা যাবে না।
সোহাগ/
