আইপিএলের খেলোয়াড়ি অধ্যায় শেষ ধোনির, চেন্নাইয়ে নতুন দায়িত্ব
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের ক্রিকেটজীবনে এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে আর খেলোয়াড় হিসেবে দেখা যাবে না তাঁকে। তবে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না এই কিংবদন্তির। এবার ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে ধোনির নতুন ভূমিকার বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়ে একাধিক শিরোপা এনে দেওয়া ধোনি এবার মাঠের বাইরে থেকে দলটির খেলোয়াড়দের দিকনির্দেশনা দেবেন।
চেন্নাইয়ের হলুদ জার্সির সঙ্গে ধোনির সম্পর্ক প্রায় দুই দশকের। তাঁর নেতৃত্বেই আইপিএলের অন্যতম সফল দলে পরিণত হয়েছে সিএসকে। তাই খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই অটুট থাকছে।
ধোনিকে ছাড়া সিএসকের কথা ভাবাই যায় না
চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন ধোনির অবদান ও ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘মহেন্দ্র সিং ধোনি ছাড়া সিএসকের কথা ভাবা যায় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি, একসঙ্গে বেড়ে উঠেছি। সাফল্য, ব্যর্থতা এবং মাঝের সব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের এই যাত্রা। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটি কারণ রয়েছে, আমরা কখনো একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের পথচলাকে সম্ভব করেছে।’
ধোনিকে সিএসকেতে যুক্ত করার সিদ্ধান্ত যে তাঁর অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল, সেটিও জানিয়েছেন শ্রীনিবাসন।
তিনি বলেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়েছিলাম, ধোনিকে সিএসকের অংশ হতে হবে। শেষ পর্যন্ত সেটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছে। শুধু ফ্র্যাঞ্চাইজির হয়ে তার অর্জনগুলোর জন্য নয়, বরং মানুষ হিসেবে সে যেমন, সে কারণেও। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবে। এই দলই সব সময় তার ঘর।’
মাঠে না থাকলেও দলের সঙ্গেই থাকবেন ধোনি
ধোনিকে আর খেলোয়াড় হিসেবে হলুদ জার্সিতে দেখা যাবে না, বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাই সুপার কিংসের ব্যবস্থাপনা পরিচালক কাশি বিশ্বনাথনও।
তিনি বলেন, ‘মাঠে হলুদ জার্সিতে ধোনিকে আর দেখতে পাব না, এটা আমাদের জন্য কষ্টের। তবে সে আমাদের খেলোয়াড়দের পথ দেখিয়ে যাবে, এতে আমরা আনন্দিত।’
অর্থাৎ, মাঠে নেতৃত্ব দেওয়ার পরিবর্তে এবার দলের পরিকল্পনা ও খেলোয়াড়দের উন্নয়নে ভূমিকা রাখবেন ভারতের সাবেক এই অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার আইপিএলকেও বিদায়
২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পরও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা চালিয়ে গেছেন তিনি।
গত কয়েক মৌসুম ধরেই ধোনির অবসর নিয়ে আলোচনা চলছিল। তবে প্রতিবারই মাঠে ফিরেছেন তিনি। এবার আনুষ্ঠানিকভাবে আইপিএলে খেলোয়াড় হিসেবে নিজের অধ্যায়ের ইতি টানলেন ৪৫ বছর বয়সী এই ক্রিকেটার।
আইপিএলে ধোনির রেকর্ড
আইপিএলে দুই দলের হয়ে মোট ২৭৮ ম্যাচ খেলেছেন ধোনি। ২৪২ ইনিংসে ব্যাট করে ৩৮.৩০ গড়ে তাঁর সংগ্রহ ৫ হাজার ৪৩৯ রান। স্ট্রাইক রেট ১৩৭.৪৫। টুর্নামেন্টে তাঁর নামের পাশে রয়েছে ২৪টি অর্ধশতক।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছেন তিনি। তাঁর নেতৃত্ব, উইকেটকিপিং ও চাপের মুহূর্তে ম্যাচ শেষ করার দক্ষতা তাঁকে আইপিএলের ইতিহাসে বিশেষ জায়গা করে দিয়েছে।
খেলোয়াড় হিসেবে আইপিএল অধ্যায় শেষ হলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে ধোনির পথচলা থামছে না। এবার মেন্টর হিসেবে নতুন দায়িত্বে দলটির ভবিষ্যৎ সাফল্যে অবদান রাখার সুযোগ পাচ্ছেন তিনি।
আয়শা/
