টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি পুড়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুলিশের কয়েকটি গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে এ হামলা চালান। রাত ৮টা পর্যন্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল বলে জানানো হয়।
আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাওয়ের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ ও ১৫ নভেম্বর টুঙ্গিপাড়ায় নাশকতার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রের দাবি।
থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর বিক্ষোভকারীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয় বলেও জানা গেছে।
পুলিশের বক্তব্য পাওয়া যায়নি
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। ফলে হামলা, অগ্নিসংযোগ, ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার খবর পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
সোহাগ/
