বেতন থেকে মাসে কত কর কাটবে, হিসাব করবেন যেভাবে
সরকারি চাকরিজীবীদের বার্ষিক আয়কর ও মাসিক বেতন থেকে সম্ভাব্য কর কর্তনের পরিমাণ হিসাব করতে তৈরি হয়েছে ‘সরকারি কর্মচারীর আয়কর ক্যালকুলেটর’। এতে বেতন গ্রেড, মূল বেতন, করদাতার ধরন, অন্যান্য আয় ও বিনিয়োগের তথ্য দিলে সম্ভাব্য করের হিসাব পাওয়া যাবে। ২০২৬-২৭ করবর্ষের জন্যও এই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে আয়কর কর্তনের হিসাব অনেকের কাছেই জটিল মনে হয়। মূল বেতনের পাশাপাশি উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য আয় এবং অনুমোদিত বিনিয়োগের বিষয়গুলো বিবেচনা করতে হয়। ফলে বছর শেষে মোট কত টাকা কর দিতে হবে কিংবা প্রতি মাসে বেতন থেকে কত টাকা কাটা যেতে পারে, তা আগে থেকে বুঝতে সমস্যা হয়।
এ সমস্যা কিছুটা সহজ করতে তৈরি করা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য বেতনভিত্তিক আয়কর ক্যালকুলেটর। এতে নিজের বেতন ও করসংক্রান্ত তথ্য দিয়ে সম্ভাব্য বার্ষিক কর, কর রেয়াত এবং মাসিক কর্তনের পরিমাণ হিসাব করা যায়।
তবে এটি একটি বেসরকারি ওয়েবসাইটে প্রকাশিত সহায়ক ক্যালকুলেটর। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সরকারি কর নির্ধারণ ব্যবস্থা নয়। তাই ক্যালকুলেটরের ফলাফলকে চূড়ান্ত কর হিসাব হিসেবে বিবেচনা করা যাবে না।
২০২৬-২৭ করবর্ষে আয়কর হিসাবের সুবিধা
ক্যালকুলেটরটিতে একাধিক করবর্ষ নির্বাচন করে হিসাব করার ব্যবস্থা রাখা হয়েছে। ব্যবহারকারী নিজের করবর্ষ নির্বাচন করে সংশ্লিষ্ট করমুক্ত আয়সীমা ও করের স্ল্যাব অনুযায়ী সম্ভাব্য কর হিসাব করতে পারবেন।
২০২৬-২৭ করবর্ষে সাধারণ করদাতার করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা। নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী করদাতাদের জন্য এই সীমা ৪ লাখ ৫০ হাজার টাকা। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা।
জাতীয় বেতন স্কেলের ২০টি গ্রেডের তথ্য
ক্যালকুলেটরটিতে জাতীয় বেতন স্কেল ২০২৬-এর ২০টি গ্রেডের প্রারম্ভিক ও সর্বোচ্চ মূল বেতনের তথ্য যুক্ত করা হয়েছে। ব্যবহারকারী নিজের গ্রেড নির্বাচন করলে সংশ্লিষ্ট গ্রেডের বেতনসংক্রান্ত তথ্য দেখতে পারবেন।
ক্যালকুলেটরের বর্ণনা অনুযায়ী, মাঝের বেতন ধাপগুলো বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমিট ধরে আনুমানিকভাবে তৈরি করা হয়েছে। ফলে এই বেতন তালিকাকে সরকারি বেতন নির্ধারণ আদেশ বা ব্যক্তির প্রকৃত বেতন নির্ধারণের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে না।
বিশেষ করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময় ও ধাপ নিয়ে কোনো পরিবর্তন হলে কর্মচারীর প্রকৃত বেতন নির্ধারণ আদেশ অনুযায়ী তথ্য দিতে হবে।
দুই পদ্ধতিতে আয়কর হিসাব করা যাবে
ক্যালকুলেটরটিতে সরকারি কর্মচারীদের সম্ভাব্য আয়কর হিসাবের জন্য দুটি পদ্ধতি রাখা হয়েছে।
১. সরলীকৃত পদ্ধতি: ১৪ মাসের মূল বেতন
এই পদ্ধতিতে মাসিক মূল বেতনকে ১৪ দিয়ে গুণ করে বার্ষিক আয় হিসাব করা হয়। অর্থাৎ ১২ মাসের মূল বেতনের সঙ্গে দুটি উৎসব ভাতা যোগ করে মোট আয় নির্ধারণ করা হয়।
উদাহরণ হিসেবে, কোনো কর্মচারীর মাসিক মূল বেতন ৪৪ হাজার টাকা হলে:
-
১২ মাসের মূল বেতন: ৫ লাখ ২৮ হাজার টাকা
-
দুটি উৎসব ভাতা: ৮৮ হাজার টাকা
-
মোট বার্ষিক আয়: ৬ লাখ ১৬ হাজার টাকা
এটি একটি সরলীকৃত হিসাব। অন্যান্য আয়, করমুক্ত সীমা ও প্রযোজ্য অব্যাহতি বিবেচনা করে চূড়ান্ত কর নির্ধারণ করতে হবে।
২. পূর্ণাঙ্গ পদ্ধতি: ভাতাসহ আয় হিসাব
এই পদ্ধতিতে মূল বেতনের পাশাপাশি উৎসব ভাতা, বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যোগ করে হিসাব করা যায়।
ক্যালকুলেটরে কিছু ভাতার জন্য পূর্বনির্ধারিত হার ও অনুমান রাখা হয়েছে। তবে বাস্তবে প্রত্যেক কর্মচারীর ভাতা, করযোগ্য আয় এবং অব্যাহতির পরিমাণ এক রকম নয়। তাই পে-স্লিপ ও প্রযোজ্য আয়কর বিধান অনুযায়ী সঠিক তথ্য দিতে হবে।
করদাতার ধরন অনুযায়ী করমুক্ত সীমা
ক্যালকুলেটরটিতে করদাতার শ্রেণি অনুযায়ী করমুক্ত আয়সীমা নির্ধারণের সুবিধা রয়েছে। সাধারণ করদাতার পাশাপাশি নারী, প্রবীণ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং নির্দিষ্ট গেজেটভুক্ত শ্রেণির জন্য আলাদা সীমা নির্বাচন করা যায়।
তবে ক্যালকুলেটরে দেখানো সীমা সংশ্লিষ্ট করবর্ষের কার্যকর আইন ও এনবিআরের নির্দেশনার সঙ্গে মিলিয়ে নেওয়া জরুরি। বিশেষ সুবিধা পেতে হলে সংশ্লিষ্ট শ্রেণির যোগ্যতার শর্তও পূরণ করতে হবে।
২০২৬-২৭ করবর্ষে আয়করের স্ল্যাব
সাধারণ করদাতাদের ক্ষেত্রে ২০২৬-২৭ করবর্ষে করমুক্ত সীমার অতিরিক্ত আয়ের ওপর ধাপে ধাপে কর প্রযোজ্য হবে।
| করযোগ্য আয়ের ধাপ | করহার |
|---|---|
| প্রথম ৪ লাখ টাকা | শূন্য |
| পরবর্তী ৩ লাখ টাকা | ১০% |
| পরবর্তী ৪ লাখ টাকা | ১৫% |
| পরবর্তী ৫ লাখ টাকা | ২০% |
| পরবর্তী ২০ লাখ টাকা | ২৫% |
| অবশিষ্ট আয় | ৩০% |
অর্থাৎ পুরো করযোগ্য আয়ের ওপর একই হারে কর দিতে হয় না। আয়ের যে অংশ যে স্ল্যাবের মধ্যে পড়ে, সেই অংশের ওপর সংশ্লিষ্ট হার প্রযোজ্য হয়।
বিনিয়োগের তথ্য দিলে কর রেয়াতের হিসাব
অনুমোদিত বিনিয়োগের কারণে আয়করের ওপর কর রেয়াত পাওয়া যেতে পারে। ক্যালকুলেটরটিতে বিনিয়োগের পরিমাণ লিখলে সম্ভাব্য কর রেয়াতের হিসাব দেখার সুবিধা রয়েছে।
এর মাধ্যমে ব্যবহারকারী বিনিয়োগের পরিমাণ পরিবর্তন করে সম্ভাব্য করের পার্থক্য বুঝতে পারবেন। তবে সব ধরনের বিনিয়োগ কর রেয়াতের জন্য গ্রহণযোগ্য নয়। কোন বিনিয়োগে কতটুকু সুবিধা পাওয়া যাবে, তা সংশ্লিষ্ট করবর্ষের আইন ও বিধিমালা অনুযায়ী নির্ধারিত হয়।
ন্যূনতম কর ও অন্যান্য আয়ের হিসাব
ক্যালকুলেটরে কর্মচারীর অবস্থান অনুযায়ী ন্যূনতম করের হিসাব করার ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি বেতনের বাইরে অন্য কোনো করযোগ্য আয় থাকলে সেটিও যুক্ত করা যায়।
যেমন:
-
ব্যাংক বা এফডিআর থেকে সুদ
-
বাড়ি বা দোকান ভাড়া থেকে আয়
-
অন্যান্য করযোগ্য আয়
এসব তথ্য যুক্ত করলে শুধু চাকরির বেতন নয়, অন্যান্য উৎস থেকে পাওয়া আয়সহ সম্ভাব্য মোট করের হিসাব দেখা যায়।
মাসে কত টাকা আয়কর কাটবে, জানা যাবে যেভাবে
ক্যালকুলেটরের অন্যতম সুবিধা হলো বার্ষিক করের পাশাপাশি মাসিক সম্ভাব্য কর্তনের পরিমাণ দেখানো।
উদাহরণ হিসেবে, কোনো কর্মচারীর বার্ষিক নিট আয়কর ২৪ হাজার টাকা হলে ১২ মাসে সমান কিস্তিতে কর্তনের হিসাবে মাসে ২ হাজার টাকা দাঁড়ায়।
তবে বাস্তবে কখন থেকে কর কর্তন শুরু হচ্ছে, বছরের বাকি সময় কত মাস আছে এবং আগে কত টাকা কর কাটা হয়েছে, সেসব তথ্যের ওপর মাসিক কর্তনের পরিমাণ নির্ভর করবে।
আয়কর হিসাবের প্রতিবেদন PDF হিসেবে সংরক্ষণ
ক্যালকুলেটরে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর আয়কর হিসাবের একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করা যায়। এতে কর্মচারীর নাম, পদবি, অফিস, বেতন গ্রেড, মূল বেতন, বার্ষিক আয়, করমুক্ত সীমা, করের স্ল্যাব, কর রেয়াত এবং মাসিক কর্তনের তথ্য রাখা যায়।
প্রতিবেদনটি প্রিন্ট করা অথবা ব্রাউজারের মাধ্যমে PDF হিসেবে সংরক্ষণ করা সম্ভব। পাশাপাশি ইনপুট দেওয়া তথ্য JSON ফাইল হিসেবে ব্যাকআপ রাখার সুবিধাও রয়েছে।
কীভাবে ক্যালকুলেটর ব্যবহার করবেন?
ক্যালকুলেটর ব্যবহার করতে সাধারণত কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে:
১. প্রথমে প্রয়োজনীয় করবর্ষ নির্বাচন করুন।
২. নিজের বেতন গ্রেড নির্বাচন করুন।
৩. পে-স্লিপ অনুযায়ী প্রকৃত মূল বেতন লিখুন।
৪. করদাতার ধরন নির্বাচন করুন।
৫. প্রযোজ্য এলাকা অনুযায়ী ন্যূনতম করের তথ্য দিন।
৬. অনুমোদিত বিনিয়োগের পরিমাণ লিখুন।
৭. সরলীকৃত অথবা পূর্ণাঙ্গ হিসাব পদ্ধতি বেছে নিন।
৮. বেতনের বাইরে অন্য কোনো করযোগ্য আয় থাকলে তা যুক্ত করুন।
সব তথ্য দেওয়ার পর ক্যালকুলেটর সম্ভাব্য বার্ষিক আয়কর, কর রেয়াত এবং মাসিক কর্তনের পরিমাণ দেখাবে।
ক্যালকুলেটরের হিসাব ব্যবহারে যে সতর্কতা জরুরি
ক্যালকুলেটরটি ব্যবহার করার সময় কয়েকটি বিষয় মনে রাখা প্রয়োজন।
প্রথমত, এটি সরকারি কোনো সফটওয়্যার নয়। দ্বিতীয়ত, ক্যালকুলেটরে ব্যবহৃত বেতন ধাপ, ভাতার হার ও করসংক্রান্ত কিছু তথ্য পূর্বনির্ধারিত অনুমানের ভিত্তিতে তৈরি। তৃতীয়ত, নতুন বেতন কাঠামোর কার্যকর তারিখ বা বেতন ধাপে পরিবর্তন হলে স্বয়ংক্রিয় হিসাব প্রকৃত বেতনের সঙ্গে নাও মিলতে পারে।
এ ছাড়া বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধার করযোগ্যতা সংশ্লিষ্ট আইন অনুযায়ী নির্ধারণ করতে হয়। তাই শুধু ক্যালকুলেটরের ফলাফলের ওপর নির্ভর করে বেতন থেকে কর কর্তনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে কর কর্তনের ক্ষেত্রে আয়কর আইন, ২০২৩-এর ৮৬ ধারায় বিধান রয়েছে। সরকারি কর্মচারীর সম্ভাব্য বার্ষিক বেতন করমুক্ত সীমা অতিক্রম করলে DDO-কে প্রযোজ্য গড় করহারে কর কর্তনের ব্যবস্থা নিতে হয়।
সরকারি চাকরিজীবীদের বার্ষিক আয়কর ও মাসিক বেতন থেকে সম্ভাব্য কর্তনের পরিমাণ বুঝতে বেতনভিত্তিক এই ক্যালকুলেটর সহায়ক হতে পারে। বিশেষ করে বেতন গ্রেড, মূল বেতন, অন্যান্য আয় ও বিনিয়োগের তথ্য দিয়ে আগাম করের হিসাব জানা সহজ হবে।
তবে ক্যালকুলেটরের ফলাফল চূড়ান্ত কর নির্ধারণ নয়। প্রকৃত বেতন, ভাতার ধরন, করমুক্ত সীমা, অনুমোদিত বিনিয়োগ এবং এনবিআরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত কর হিসাব করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট DDO বা হিসাবরক্ষণ কার্যালয়ের পরামর্শ নেওয়া উচিত।
সরকারি কর্মচারীর বেতনের আয়কর ক্যালকুলেটর ২০২৬-২৭
সোহাগ/
