হঠাৎ সৌদিতে রের্ড এলার্ট জারি
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আগামী শনিবার পর্যন্ত কয়েকটি এলাকায় প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ধুলিঝড়ের কারণে সড়কে যান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া মদিনা, তাবুক, আল-জউফ, নর্দার্ন বর্ডারস, হাইল ও নাজরানের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণ অংশেও বৃষ্টি হতে পারে।
মক্কা ও তায়েফের পাশাপাশি আল জুমুম, বাহরা, মাইসান, আদহাম ও আল আরদিয়াত এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে, জেদ্দা, রাবিঘ ও খুলাইস এলাকায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। আল-লিথ ও আল-কুনফুদা এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এনসিএম জানিয়েছে, বজ্রঝড়ের সময় ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে বাতাস বইতে পারে। এর সঙ্গে ধুলা ও বালু ছড়িয়ে পড়ায় দৃশ্যমানতা কমে যেতে পারে। ফলে মহাসড়কসহ বিভিন্ন সড়কে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে।
ভারী বৃষ্টির কারণে নিচু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টি, প্রবল নিম্নমুখী বায়ুপ্রবাহ এবং উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের আশঙ্কাও রয়েছে। অতিভারী বৃষ্টির সময় কিছু এলাকায় টর্নেডো বা জলস্তম্ভ সৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া কেন্দ্র।
প্রতিকূল আবহাওয়ার মধ্যে বাসিন্দা ও গাড়িচালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র। বিশেষ করে ভারী বৃষ্টির সময় উপত্যকা, জলপ্রবাহের পথ ও বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে নতুন পূর্বাভাস ও সতর্কতা প্রকাশ করা হতে পারে। তাই সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে এনসিএমের সরকারি ওয়েবসাইট, আনওয়া আবহাওয়া অ্যাপ এবং সংস্থাটির যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সিদ্দিকা/
