OPPO Find X10 Series: ২০০MP ক্যামেরা ও ৭১৫০mAh ব্যাটারির ফোন আসছে
নিজস্ব প্রতিবেদক: ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে আসছে OPPO। আগামী ২১ অক্টোবর বিশ্ববাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে OPPO Find X10 Series। নতুন সিরিজে ক্যামেরার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। সিরিজের Find X10 মডেলে থাকছে দুটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর Find X10 Pro Max মডেলে থাকছে তিনটি ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা।
OPPO জানিয়েছে, ২১ অক্টোবর স্পেনের মায়োর্কায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে Find X10 Series-এর গ্লোবাল লঞ্চ হবে। তবে বাংলাদেশে ফোন দুটি কবে পাওয়া যাবে এবং দাম কত হতে পারে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
ক্যামেরায় বড় চমক
Find X10 Series-এর সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এর ক্যামেরা। OPPO Find X10-এ থাকছে Hasselblad-এর সঙ্গে যৌথভাবে তৈরি ডুয়াল ২০০MP ক্যামেরা সিস্টেম। অন্যদিকে Find X10 Pro Max-এ তিনটি ২০০MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আলট্রাওয়াইড, প্রধান ও টেলিফটো, তিন ক্যামেরাতেই থাকছে উচ্চ রেজল্যুশনের সেন্সর।
নতুন ফোনগুলোতে OPPO ব্যবহার করেছে LUMO True Image Engine। প্রতিষ্ঠানটির দাবি, নতুন এই ইমেজ প্রসেসিং প্রযুক্তি কম্পিউটেশনাল ফটোগ্রাফিকে আরও স্বাভাবিক ও বাস্তবসম্মত ছবি দিতে সাহায্য করবে। ফলে আলাদা সেটিংস পরিবর্তন না করেও ভালো ছবি তোলা যাবে।
ভিডিওতেও থাকছে উন্নত সুবিধা
শুধু ছবি তোলার ক্ষেত্রে নয়, ভিডিও রেকর্ডিংয়েও Find X10 Series-কে শক্তিশালী করা হয়েছে। Find X10 Pro Max-এর তিনটি রিয়ার ক্যামেরা থেকেই 4K 120fps এবং 8K 30fps ভিডিও রেকর্ড করা যাবে। Find X10-এর দুটি ২০০MP ক্যামেরাতেও একই ধরনের ভিডিও সুবিধা থাকছে।
এ ছাড়া ক্যামেরা সেন্সরগুলোতে থাকছে Open Gate ক্যাপচার সুবিধা। এর ফলে ভিডিও ধারণের পর এডিটিংয়ের সময় ফুটেজ ক্রপ বা নতুনভাবে ফ্রেম করার ক্ষেত্রে ব্যবহারকারীরা আরও স্বাধীনতা পাবেন।
নতুন ডিজাইনে ফ্ল্যাগশিপ লুক
Find X10 Series-এ OPPO তাদের পরিচিত মিনিমালিস্ট ডিজাইন ধরে রেখেছে। ফোন দুটিতে নতুন Borderless Design এবং One-Piece Sculpted Glass ব্যবহার করা হয়েছে। এর ফলে পেছনের ক্যামেরা মডিউল ও ফোনের বডির মধ্যে আরও মসৃণ সমন্বয় দেখা যাবে।
Find X10 Pro Max-এর ডিজাইনে পুরোনো ক্যামেরার নকশা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। এর ক্যামেরা অংশে ম্যাট সিলভার মেটালিক ফিনিশ, বিশেষ টেক্সচার এবং Hasselblad-এর পরিচিত ম্যাট অরেঞ্জ অ্যাকসেন্ট রিং থাকছে।
শক্তিশালী MediaTek চিপ ও বড় ব্যাটারি
পারফরম্যান্সের জন্য Find X10-এ ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9600M চিপসেট। আর Find X10 Pro Max-এ থাকছে Dimensity 9600 Pro। ফলে দুটি ফোনই ফ্ল্যাগশিপ পারফরম্যান্সের জন্য তৈরি করা হয়েছে।
দুটি মডেলেই থাকছে ৭১৫০mAh সিলিকন-কার্বন ব্যাটারি। OPPO-এর দাবি, স্বাভাবিক ব্যবহারে একবার চার্জে ফোন দুটি প্রায় দুই দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে। দীর্ঘমেয়াদি ব্যবহারের দিক থেকেও ব্যাটারিকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, স্বাভাবিক ব্যবহারের পাঁচ বছর পরও ব্যাটারির মূল সক্ষমতার ৮০ শতাংশের বেশি ধরে রাখার জন্য এটি তৈরি করা হয়েছে।
বাংলাদেশে দাম কত?
OPPO Find X10 Series-এর গ্লোবাল লঞ্চ ২১ অক্টোবর হলেও এখনো এর দাম ও বিভিন্ন দেশের বাজারে পাওয়ার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তাই বাংলাদেশে ফোন দুটির সম্ভাব্য দাম সম্পর্কেও নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না।
গ্লোবাল লঞ্চের পর বাংলাদেশে OPPO Find X10 ও Find X10 Pro Max কবে আসবে এবং দাম কত নির্ধারণ করা হবে, সে বিষয়ে আরও তথ্য জানা যাবে। ২০০MP ক্যামেরা, ৭১৫০mAh ব্যাটারি এবং নতুন Dimensity চিপসেটের কারণে নতুন এই সিরিজটি বাংলাদেশের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারেও বেশ আগ্রহ তৈরি করতে পারে।
সোহাগ/
