দেশের বাজারে কমল স্বর্ণের দাম, নতুন দর কার্যকর
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন খরচ হবে ২ লাখ ২৯ হাজার ৮০ টাকা।
সোমবার (৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮০ টাকা করা হয়েছে।
অন্যান্য ক্যারেটের স্বর্ণের দাম
বাজুসের নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার নতুন দাম
স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রাকিব/
