অক্টোবরের বেতনেই নতুন পে-স্কেলের বাড়তি টাকা পাবেন সরকারি চাকরিজীবীরা
নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেলের বর্ধিত বেতন অক্টোবরের বেতনের সঙ্গেই পাবেন সরকারি চাকরিজীবীরা। সেপ্টেম্বরের বেতনে নতুন কাঠামোর বাড়তি অর্থ যুক্ত হচ্ছে না। ফলে নভেম্বরের শুরুতে অক্টোবরের বেতন পাওয়ার সময় নতুন বেতন কাঠামো অনুযায়ী বাড়তি অর্থ হাতে পাওয়ার কথা রয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামোর বাড়তি অর্থ ধাপে ধাপে পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণ বা পে-ফিক্সেশনের কার্যক্রম চলছে।
সরকারি চাকরিজীবীদের পে-ফিক্সেশন বা নতুন বেতন নির্ধারণের কাজ আগামী ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে শেষ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
নতুন বেতন নির্ধারণের আগে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজনীয় তথ্য যাচাই করা হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে পরবর্তী সময়ে জটিলতা এড়াতে হিসাবরক্ষণ কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণও শুরু হয়েছে।
পে-ফিক্সেশন সম্পন্ন হওয়ার পর নতুন বেতন কাঠামো অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বকেয়া অর্থ একসঙ্গে পরিশোধ করা হবে।
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর কথা বলা হয়েছে। প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে।
অন্যদিকে, ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
মূল বেতনের পাশাপাশি নতুন কাঠামো অনুযায়ী অন্যান্য বিভিন্ন ভাতাও আনুপাতিক হারে বাড়ার কথা রয়েছে।
সব মিলিয়ে নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মাসিক বেতন ও ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। তবে নতুন কাঠামো অনুযায়ী প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর নির্দিষ্ট বেতন কত হবে, তা পে-ফিক্সেশন সম্পন্ন হওয়ার পরই চূড়ান্তভাবে জানা যাবে।
সোহাগ/
