রাতে দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশ
নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় ঘণ্টার ব্যবধানে তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে মিয়ানমার ও ভারতের ত্রিপুরা অঞ্চলে এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। কম্পন অনুভূত হয়েছে দেশের বিভিন্ন এলাকায়।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি বাংলাদেশ সময় রাত ১২টার কিছু পর মিয়ানমার এলাকায় অনুভূত হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ম্রাউক-ইউ এলাকার কাছে। মিয়ানমারের আবহাওয়া ও জলবিদ্যা বিভাগও ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ০ হিসেবে জানিয়েছে।
এরপর প্রায় এক মিনিটের ব্যবধানে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পের তথ্য পাওয়া যায়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্ত অঞ্চলে।
দ্বিতীয় ভূমিকম্পের পর রাত ১টার কিছু আগে ভারতের ত্রিপুরা অঞ্চলে ৩ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ত্রিপুরার ধলাই এলাকায়।
পরপর এসব ভূমিকম্পের কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি দেশের আরও কয়েকটি অঞ্চলের বাসিন্দারাও ভূমিকম্প টের পেয়েছেন।
তবে এসব ভূমিকম্পে বাংলাদেশে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পরপর কয়েকটি ভূমিকম্প অনুভূত হওয়ায় রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই ঘরের বাইরে বেরিয়ে আসেন এবং বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভূমিকম্পের মাত্রা, উৎপত্তিস্থল ও গভীরতা বিভিন্ন সংস্থার হিসাবে কিছুটা ভিন্ন হতে পারে। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থাগুলো পরবর্তী বিশ্লেষণের পর এসব তথ্য সংশোধনও করতে পারে।
সিদ্দিকা/
