পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা, ৭ অক্টোবরের মধ্যে তথ্য
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশি ১ অক্টোবর এ সংক্রান্ত চিঠি জারি করে। এতে বলা হয়েছে, কর্মীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram Sub-module-এ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য সংযুক্ত করা হচ্ছে। এর মধ্যে পদ বা পদবি, মূল গ্রেড ও পদসংখ্যার তথ্য থাকবে।
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী iBAS++-এর Pay Fixation Sub-system-এ বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব তথ্য প্রয়োজন বলে জানিয়েছে মাউশি। পাশাপাশি এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্যও Organogram Sub-module-এ অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম বাংলা ও ইংরেজিতে, পদের মূল গ্রেড, পদসংখ্যা ও মন্তব্য দিতে হবে। এনাম কমিশনের পর সৃষ্ট পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি আদেশসহ তথ্য পাঠাতে বলা হয়েছে।
মাউশির নির্দেশনা অনুযায়ী, তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাউশি, ঢাকা, রুম নম্বর ৫৩০-এ পাঠাতে হবে। পাশাপাশি Nikosh ফন্টে Word Document হিসেবে সফট কপিও নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
মাউশির অধীন সংশ্লিষ্ট সব অফিস ও প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোহাগ/
