৪ বিভাগে নতুন করে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এসব এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টাঙ্গাইল ও যশোরে।
এদিকে শনিবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে। রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।
সোহাগ/
