সাগরে নিম্নচাপ, ৫ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে দেশের কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার রাতে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। অতিবৃষ্টির কারণে এসব এলাকার কিছু স্থানে অস্থায়ী জলাবদ্ধতা ও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে।
এদিকে পূর্বমধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সোহাগ/
