বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হতে পারে বাংলাদেশ ও ব্রাজিল।
রোববার (২৩ আগস্ট) ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বিমানবন্দর থেকে সরাসরি স্টেডিয়ামে গিয়ে তারা মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি, মিডিয়াবক্সসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। পরে বসুন্ধরা কিংস অ্যারেনাও পরিদর্শন করেন প্রতিনিধিদলের সদস্যরা। রাতে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন।
বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফিফা আসিয়ান কাপ শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে প্রস্তাবও এসেছে।
প্রস্তাব অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার পর ৬ অক্টোবরের মধ্যে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের কথা বলা হয়েছে। সম্ভাব্য তারিখ হিসেবে ৫ অথবা ৬ অক্টোবরের কথা জানিয়েছে ব্রাজিল।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে প্রায় ৯০ সদস্যের বহর নিয়ে ঢাকায় আসার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। তবে বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে এখনো প্রস্তাবে চূড়ান্ত সম্মতি জানায়নি বাফুফে।
সূচি নিয়ে যে জটিলতা
ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৩ অক্টোবর। এর আগে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। গ্রুপ পর্বে বাংলাদেশ জাতীয় দলের তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে।
ফলে আসিয়ান কাপের সূচি, জাতীয় দলের প্রস্তুতি এবং খেলোয়াড়দের বিশ্রামের বিষয় বিবেচনা করেই ব্রাজিলের প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বাফুফেকে।
এদিকে ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ওই ম্যাচ আয়োজনের জন্যই ভারত ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। পরে ভারতের জায়গায় বাংলাদেশকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়।
ভারত সফরের পাশাপাশি ঢাকায় বাংলাদেশের বিপক্ষে আরেকটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
বাংলাদেশে কখনো খেলেনি ব্রাজিল
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় দল এর আগে কখনো বাংলাদেশে এসে ম্যাচ খেলেনি। তাই অক্টোবরের সম্ভাব্য ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ালে দেশের ফুটবল ইতিহাসে এটি হবে একটি স্মরণীয় ঘটনা।
এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন লিওনেল মেসি।
দীর্ঘ ১৫ বছর পর আবারও বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি একটি দলকে ঢাকার মাঠে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জাতীয় দলের সূচি ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে।
আয়শা/
