ধানমন্ডি থেকে আটক ব্যক্তির পরিচয় জানাল পুলিশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি থেকে আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষ থেকে ফুল দিতে আসার অভিযোগে তাকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার কাছে প্রশ্ন করা হয়, কোনো সাধারণ মানুষ—যিনি কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন—যদি এখানে ফুল দিতে আসেন, তাহলে তাকেও কি আটক করা হবে?
জবাবে ওই কর্মকর্তা বলেন, কেউ সাধারণ মানুষ নাকি নিষিদ্ধ সংগঠনের সদস্য, তা যাচাই করতে সময় লাগে। তবে তদন্তে খুব বেশি সময় ব্যয় হয় না।
পরে পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে। তিনি যুবলীগের সক্রিয় সদস্য বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
তিনি আরও বলেন, সংগঠনের সক্রিয় সদস্য হিসেবেই অর্ণব দাস সেখানে ফুল দিতে এসেছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
এ সময় কোনো নাশকতার পরিকল্পনা বা হুমকি সংক্রান্ত তথ্য পাওয়া গেছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, নাশকতার কোনো তথ্য নেই। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ সেখানে দায়িত্ব পালন করছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তিনি সম্প্রতি ধানমন্ডি থানায় পদায়ন হয়ে দায়িত্ব পালন করছেন। এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
সোহাগ/
