ছেলে না থাকলে সম্পত্তি নিয়ে নতুন আইন
ছেলে সন্তান নেই, শুধু মেয়ে রয়েছে এমন বাবা-মায়ের জন্য সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নতুন একটি আইনি সুযোগ তৈরি হয়েছে। এখন জীবদ্দশায় মেয়ের নামে সম্পত্তি দান করেও নিজের মৃত্যুর আগ পর্যন্ত সেটি ভোগদখলের অধিকার সংরক্ষণ করতে পারবেন তাঁরা। ফলে সম্পত্তির মালিকানা সন্তানের নামে হস্তান্তর হলেও বাবা-মায়ের জীবনকালীন ভোগাধিকার বহাল থাকবে।
এ সুযোগ রেখে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর আইনটি অবিলম্বে কার্যকর হয়। এর মাধ্যমে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে নতুন ১২২ক ও ১২২খ ধারা যুক্ত হয়েছে।
তবে নতুন আইনটি শুধু ছেলে সন্তান নেই এমন পরিবারের জন্য নয়। বাবা-মা ও সন্তান, দাদা-দাদি ও নাতি-নাতনি এবং স্বামী-স্ত্রীর মধ্যেও নির্দিষ্ট শর্তে এ পদ্ধতিতে সম্পত্তি হস্তান্তরের সুযোগ রয়েছে।
নতুন আইনে কী সুবিধা পাবেন বাবা-মা?
নতুন আইনের ১২২ক ধারায় জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণ করে সম্পত্তি দানের বৈধতা দেওয়া হয়েছে। অর্থাৎ, কোনো বাবা তাঁর মেয়ের নামে জমি বা বাড়ি দান করতে চাইলে দলিলে নিজের জীবদ্দশায় সম্পত্তিটি ভোগ করার অধিকার সংরক্ষণ করতে পারবেন।
এ ক্ষেত্রে সম্পত্তির মালিকানা দানগ্রহীতার কাছে হস্তান্তরিত হলেও দাতার সংরক্ষিত ভোগাধিকার বহাল থাকবে। ফলে বাবা-মা জীবিত থাকা পর্যন্ত সম্পত্তি ব্যবহার ও ভোগ করার অধিকার হারাবেন না।
স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এ ধরনের দান কার্যকর করতে নিবন্ধন আইন অনুযায়ী দলিল নিবন্ধন এবং নতুন ধারায় নির্ধারিত ঘোষণা থাকতে হবে। শুধু মৌখিকভাবে সম্পত্তি দেওয়ার কথা বললেই এ আইনের সুবিধা পাওয়া যাবে না।
শুধু মেয়েকে নয়, কাদের সম্পত্তি দেওয়া যাবে?
নতুন আইনে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণ করে দানের সুযোগ নির্দিষ্ট কয়েকটি পারিবারিক সম্পর্কের মধ্যে রাখা হয়েছে। যেমন:
-
বাবা বা মা তাঁদের ছেলে-মেয়েকে সম্পত্তি দিতে পারবেন।
-
দাদা-দাদি বা নানা-নানি নাতি-নাতনিকে সম্পত্তি দিতে পারবেন।
-
সন্তান বা নাতি-নাতনিও নির্ধারিত শর্তে বাবা-মা বা দাদা-দাদিকে সম্পত্তি দিতে পারবেন।
-
স্বামী ও স্ত্রীর মধ্যেও এ পদ্ধতিতে সম্পত্তি হস্তান্তর করা যাবে।
অর্থাৎ, নতুন বিধানটি কেবল কন্যাসন্তান থাকা পরিবারের জন্য সীমাবদ্ধ নয়। পারিবারিক সম্পর্কের নির্দিষ্ট পরিসরে সম্পত্তি হস্তান্তরের একটি পৃথক আইনি পদ্ধতি তৈরি করা হয়েছে।
দান করা সম্পত্তি কি পরে বাতিল করা যাবে?
নতুন আইনের ১২২খ ধারায় এ বিষয়ে স্পষ্ট বিধান রাখা হয়েছে। নিবন্ধিত দান সম্পন্ন হওয়ার পর দাতা এককভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে সেটি বাতিল করতে পারবেন না।
তবে আর্থিক সংকট, চিকিৎসা, শিক্ষা, পারিবারিক প্রয়োজন বা অন্য কোনো প্রকৃত প্রয়োজন দেখা দিলে দাতা ও গ্রহীতা উভয়ের সম্মতিতে নিবন্ধিত দলিলের মাধ্যমে দান পরিবর্তন, বাতিল বা সংশ্লিষ্ট অধিকার পুনর্বিন্যাস করা যাবে।
কোনো পক্ষের সম্মতি পাওয়া সম্ভব না হলে, যেমন তিনি নাবালক, নিখোঁজ, মানসিকভাবে অক্ষম বা আইনগতভাবে সম্মতি দিতে অক্ষম হলে, অন্য পক্ষ জেলা জজ আদালতে আবেদন করতে পারবেন। আদালত সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দিয়ে প্রয়োজনীয় অনুসন্ধান ও শুনানির পর আবেদনটি সদিচ্ছাপ্রসূত বলে সন্তুষ্ট হলে অনুমতি দিতে পারবেন।
তাই শুধু মত পরিবর্তন বা ইচ্ছা বদলে যাওয়ার কারণে নিবন্ধিত দান বাতিল করার সুযোগ নেই।
দান করা সম্পত্তি বিক্রি করতে চাইলে কী হবে?
নতুন আইনে দাতা ও গ্রহীতার সম্মতিতে সম্পত্তির অধিকার পরিবর্তন বা সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষিত থাকলে সম্পত্তি বিক্রি বা অন্যভাবে হস্তান্তরের ক্ষেত্রে সেই অধিকারও বিবেচনায় নিতে হবে।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের বক্তব্য অনুযায়ী, বাবা-মা ও সন্তানের সম্মতিতে সম্পত্তি বিক্রির সুযোগ থাকবে। কোনো পক্ষের সম্মতি না পাওয়া গেলে বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমতি চাওয়া যাবে। বিশেষ করে বাবা-মায়ের জীবনধারণ বা চিকিৎসার প্রয়োজনের বিষয়টি আদালতের বিবেচনায় আসতে পারে।
এখানে মনে রাখতে হবে, সম্পত্তির মালিকানা এবং জীবনকালীন ভোগাধিকার দুটি আলাদা বিষয়। তাই সম্পত্তি বিক্রির আগে দলিলের শর্ত ও সংরক্ষিত অধিকার সম্পর্কে আইনজীবীর পরামর্শ নেওয়া জরুরি।
দানগ্রহীতা আগে মারা গেলে সম্পত্তির কী হবে?
নতুন আইনে এ পরিস্থিতির কথাও বলা হয়েছে। দানগ্রহীতা অর্থাৎ যাঁর নামে সম্পত্তি দান করা হয়েছে, তিনি দাতার জীবদ্দশায় মারা গেলে সম্পত্তিটি তাঁর আইনগত উত্তরাধিকারীদের কাছে যাবে।
তবে এতে দাতার সংরক্ষিত জীবনকালীন ভোগাধিকার শেষ হবে না। অর্থাৎ, মেয়ের নামে সম্পত্তি দান করার পর মেয়ে মারা গেলেও বাবা বা মায়ের সংরক্ষিত ভোগাধিকার বহাল থাকবে।
মুসলিম উত্তরাধিকার আইনে কি মেয়েদের অংশ বেড়েছে?
নতুন আইন নিয়ে আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো, এতে মুসলিম উত্তরাধিকার আইনে মেয়েদের নির্ধারিত অংশ বাড়ানো হয়নি। বরং প্রচলিত উত্তরাধিকার ব্যবস্থার বাইরে জীবদ্দশায় সম্পত্তি দানের একটি পৃথক আইনি পদ্ধতি তৈরি করা হয়েছে।
মুসলিম উত্তরাধিকার আইনে কোনো ব্যক্তি ছেলে সন্তান ছাড়া শুধু মেয়ে রেখে মারা গেলে তাঁর সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে মেয়েদের পাশাপাশি অন্যান্য বৈধ উত্তরাধিকারীর অংশও প্রযোজ্য হতে পারে। ফলে শুধু মেয়ে থাকলেই মৃত্যুর পর পুরো সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে মেয়েদের কাছে যাবে, এমন নিশ্চয়তা নেই।
নতুন বিধানের মাধ্যমে বাবা-মা জীবিত থাকতেই সম্পত্তি মেয়ের নামে দান করতে পারবেন এবং একই সঙ্গে নিজের জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণ করতে পারবেন। তবে এটি উত্তরাধিকার আইনের স্বাভাবিক বণ্টন প্রক্রিয়ার বিকল্প নয়; বরং জীবদ্দশায় সম্পত্তি হস্তান্তরের আলাদা ব্যবস্থা।
১৯৬১ সালের আইনেও উত্তরাধিকারে পরিবর্তন এসেছিল
বাংলাদেশের মুসলিম উত্তরাধিকার আইনে এর আগে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের মাধ্যমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। ওই অধ্যাদেশের ৪ ধারা অনুযায়ী, কোনো ছেলে বা মেয়ে বাবা বা মায়ের আগে মারা গেলে, সেই মৃত সন্তানের সন্তানরা তাঁদের বাবা বা মা জীবিত থাকলে যে অংশ পেতেন, সেই অংশ পাওয়ার অধিকারী হন।
এই বিধান দাদা-দাদি বা নানা-নানির সম্পত্তিতে আগে মারা যাওয়া সন্তানের সন্তানদের প্রতিনিধিত্বমূলক উত্তরাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করেছে।
২০২৬ সালের নতুন সম্পত্তি হস্তান্তর আইনও পারিবারিক সম্পত্তির নিরাপত্তা ও জীবদ্দশায় সম্পত্তি ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে।
সম্পত্তি দানের আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
নতুন আইনের সুবিধা নিতে চাইলে কয়েকটি বিষয় গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।
১. দাতা ও গ্রহীতার সম্পর্ক আইনে নির্ধারিত সম্পর্কের মধ্যে পড়ছে কি না নিশ্চিত হতে হবে।
২. স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যথাযথ নিবন্ধিত দলিল তৈরি করতে হবে।
৩. দলিলে জীবনকালীন ভোগাধিকার স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
৪. সম্পত্তির মালিকানা ও ভোগদখলের অধিকার কীভাবে কার্যকর হবে, তা দলিলে পরিষ্কার রাখতে হবে।
৫. পরবর্তী সময়ে সম্পত্তি বিক্রি, দান পরিবর্তন বা বাতিলের প্রয়োজন হলে আইনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
জমি বা বাড়ি হস্তান্তরের আগে সংশ্লিষ্ট দলিল, খতিয়ান ও মালিকানার কাগজপত্র যাচাই করে অভিজ্ঞ আইনজীবী এবং সাব-রেজিস্ট্রি অফিসের পরামর্শ নেওয়া ভালো।
নতুন ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ বাবা-মা ও সন্তানের মধ্যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিকল্প তৈরি করেছে। এখন বাবা-মা জীবদ্দশায় সন্তানের নামে সম্পত্তি দান করেও নিজের জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণ করতে পারবেন।
তবে নিবন্ধিত দান একতরফাভাবে বাতিল করা যাবে না। দান, ভোগাধিকার, সম্পত্তি বিক্রি কিংবা পরিবর্তনের ক্ষেত্রে আইনের নির্ধারিত শর্ত মানতে হবে। তাই শুধু পারিবারিক সমঝোতার ওপর নির্ভর না করে দলিল তৈরির সময় আইনি বিষয়গুলো স্পষ্ট রাখা জরুরি।
সোহাগ/
