এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলের গেজেট কবে
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য আসতে পারে গুরুত্বপূর্ণ খবর। চলতি সপ্তাহের মধ্যেই তাঁদের নতুন পে-স্কেল বাস্তবায়নে পৃথক গেজেট বা সরকারি আদেশ জারি হতে পারে। এ লক্ষ্যে কাজ করছে অর্থ বিভাগ। দ্রুত আদেশ জারির অনুরোধ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ বিভাগে চিঠিও পাঠানো হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য প্রয়োজন ৩ হাজার ২৬৭ কোটি টাকা
মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা প্রয়োজন হবে। এ অর্থ বরাদ্দ চেয়ে আগেই অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বরাদ্দের বিষয়ে সম্মতি পাওয়া গেলেও নতুন পে-স্কেল কার্যকর করতে পৃথক সরকারি আদেশ জারি করা প্রয়োজন। এ কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক দ্রুত আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে আরেকটি চিঠি পাঠিয়েছেন।
চলতি সপ্তাহেই গেজেট জারির চেষ্টা
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন পে-স্কেলের গেজেট দ্রুত জারির বিষয়ে অর্থ বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই আদেশ জারির চেষ্টা চলছে।
তবে গেজেট জারির নির্দিষ্ট দিন এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি। ফলে চলতি সপ্তাহে আদেশ জারি হবে কি না, তা নির্ভর করছে অর্থ বিভাগের পরবর্তী সিদ্ধান্তের ওপর।
মাদ্রাসা শিক্ষকদের জন্যও বাড়তি বরাদ্দের প্রয়োজন
এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
অন্যদিকে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে কত টাকা প্রয়োজন হবে, তার হিসাব তৈরি করছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। চলতি সপ্তাহেই এই হিসাব মন্ত্রণালয়ে পাঠানোর সম্ভাবনা রয়েছে।
সব খাতের হিসাব পাঠানো হবে অর্থ বিভাগে
মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় অর্থের হিসাব একত্র করে অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
সব মিলিয়ে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অর্থ বরাদ্দ ও পৃথক সরকারি আদেশ জারির প্রক্রিয়া এগোচ্ছে। এখন সংশ্লিষ্টদের নজর অর্থ বিভাগের সিদ্ধান্ত এবং গেজেট প্রকাশের দিকে।
সোহাগ/
